র্যাবের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে গত বৃহস্পতিবার রাতে র্যা ব সদস্যদের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সায়েম ওরফে শাহীন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। র‌্যাব জানিয়েছে, তিনি মাদক ব্যবসায়ী।
সায়েমের বাড়ি পবার আফিনেপালপাড়া গ্রামে। তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন, সায়েম সাঁতার জানতেন। পুকুরে ডুবে মারা যাওয়ার বিষয়টি রহস্যজনক। র‌্যাবের ওই অভিযানে সেলিম রেজা নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি পবার বুজুরিপাড়া গ্রামে। সেলিমের কাছ থেকে আট কেজি গাঁজা, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল আলম বলেন, গাঁজা পাচার ঠেকাতে এবং মাদক ব্যবসায়ীদের ধরতে বৃহস্পতিবার রাত পৌনে চারটার দিকে র‌্যাবের সদস্যরা তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল সুড়িপুকুর এলাকার সড়কে অবস্থান নেন। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তির গতি রোধ করা হয়। মোটরসাইকেলের পেছনে কিছু একটা বাঁধা ছিল। একপর্যায়ে ওই দুজন মোটরসাইকেল ফেলে দুই দিকে দৌড় দেন। একজন পাশের পুকুরে ঝাঁপ দেন। সেলিম নামের আরেকজনকে ধাওয়া করে ধরে ফেলেন র‌্যাবের সদস্যরা। ভোর সাড়ে চারটার পর স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এক ব্যক্তি জানান, পুকুরের অপর প্রান্তে ধানখেতে একজন লোক পড়ে গোঙাচ্ছেন। তাঁকে নিজের সহযাত্রী সায়েম বলে শনাক্ত করেন আটক সেলিম। সায়েমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।