র্যাবের পরিচয়ে খাদ্য বিপণন কর্মকর্তাকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী এলাকায় গতকাল মঙ্গলবার র‌্যাব পরিচয়ে খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
খাদ্য প্রতিষ্ঠানটির নাম লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা আবদুর রউফ পাশের বিরামপুর উপজেলায় ব্যাংকে কাজ শেষ করে গতকাল বেলা দুইটায় ফুলবাড়ীতে আসছিলেন। পথে ফুলবাড়ীর ব্রহ্মচারী এলাকায় র‌্যাব পরিচয় দিয়ে একটি সাদা কার গতি রোধ করে। এ সময় র‌্যাব পরিচয়দানকারী চার ব্যক্তি আবদুর রউফকে বাস থেকে নামিয়ে আনেন। পরে বাসটিকে চলে যেতে বলা হয়। র‌্যাব পরিচয়দানকারী ব্যক্তিরা তাঁকে বলেন, ‘আপনার নামে ওয়ারেন্ট আছে।’ এ সময় আবদুর রউফ তাঁদের পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে বাগ্বিতণ্ডা হয়। এ সময় র‌্যাবের পরিচয়দানকারী ব্যক্তিরা তাঁকে মারধর করতে গেলে চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে র‌্যাবের পরিচয়দানকারী ব্যক্তিরা রউফকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই চারদিকে খবর পাঠানো হয়েছে। তবে তাঁরা র‌্যাবের সদস্য ছিলেন না বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানকে র‌্যাবের পরিচয়ে অপহরণ করা হয়েছিল। ওই ঘটনার তিন ঘণ্টা পর পুলিশ ও র‌্যাবের সাঁড়াশি অভিযানের মুখে তাঁদের ছেড়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।