র্যাবের বিরুদ্ধে করা জিডি গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর থানার নথি থেকে র‌্যাবের বিরুদ্ধে করা একটি সাধারণ ডায়েরি (জিডি) গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে র‌্যাব ও থানার পুলিশের দাবি, এ রকম কোনো জিডি করা হয়নি।
জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের আসাদুল ইসলাম নামের এক যুবক গত ২৯ নভেম্বর র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানির সদস্যদের বিরুদ্ধে জিডিটি করেছিলেন। স্ত্রীকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিবেশীর বিরুদ্ধে করা একটি মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ জিডিতে উল্লেখ করেন আসাদ।
থানা থেকে সিল-স্বাক্ষরসহ জিডি নম্বর দিয়ে তা রেকর্ডভুক্ত করে একটি অনুলিপি দেওয়া হয় আসাদের হাতে। তিনি জিডির অনুলিপিসহ নিজের জীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি জানিয়ে তা পাঠিয়ে দেন আইন ও সালিশ কেন্দ্রে (আসক)।
কিন্তু র‌্যাব বলছে, তাদের বিরুদ্ধে কেউ জিডি করেননি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলছেন, তাঁর থানায় র‌্যাবের বিরুদ্ধে কোনো জিডি হয়নি। কেউ র‌্যাবের বিরুদ্ধে জিডির কাগজ দেখিয়ে থাকলে তা ভুয়া। জিডিতে থানার উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহার সই রয়েছে। তিনি বলেছেন, ‘র‌্যাবের বিরুদ্ধে কোনো জিডি আমি রেকর্ড করিনি।’ আসাদের কাছে থাকা অনুলিপিতে তাঁর সইয়ের বিষয়ে তিনি বলেন, ‘স্বাক্ষর আমার কি না, কাগজ না দেখে বলতে পারব না।’
আসাদ জানান, ডিউটি কর্মকর্তার সিল, স্বাক্ষর ও নম্বরসহ (জিডি নম্বর ২৫১৫, তারিখ ২৯-১১-২০১৪ ইং) থানা থেকে দেওয়া জিডির একটি অনুলিপি তাঁর কাছে রয়েছে।
জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, কাউকে ডিউটি অফিসারের সিল, স্বাক্ষর ও নম্বরসহ জিডির কপি দেওয়ার পর তা থানার জিডি বইতে রেকর্ড করার কথা। অভিযোগের বিষয়টি জানার পর জিডির বইটি পরীক্ষা করে দেখা হয়েছে। ওই জিডি নম্বরে একজন পুলিশ কর্মকর্তা দিনের অপমৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে থানায় প্রতিবেদন দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাজির আহমেদ খানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
র‌্যাবের বিরুদ্ধে একই ঘটনায় হুমকি ও অসদাচরণের অভিযোগ এনে গত শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নাটাইপাড়ার বৌবাজারে তাঁর ভাড়া বাসায় আসাদের স্ত্রী শামিম আখতারকে নিয়ে আসেন র‌্যাবের সদস্যরা। তাঁরা আসাদকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু বলেন। আর তাঁকে (মতিন) এসবের গডফাদার বলেন। এলাকার চেয়ারম্যান হিসেবে তিনি তখন র‌্যাবকে বলেন, আসাদুল একটি নিরীহ ছেলে। জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের সঙ্গে তাঁর মারামারি হয়েছে, এর বেশি কিছু নয়। এরপর র‌্যাবের সদস্যরা তাঁকে রোববার সকাল নয়টার মধ্যে ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ দেন।
চেয়ারম্যান মতিন গত সোমবার বলেন, র‌্যাবের এ ধরনের আচরণে তিনি আতঙ্কিত। ক্যাম্পে গেলে কোন বিপদ হয়—এ আশঙ্কায় তিনি রোববার র‌্যাবের ক্যাম্পে যাননি।
আসাদ তাঁর জিডিতে উল্লেখ করেছিলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সঙ্গে ২১ নভেম্বর তাঁর মারামারি হয়। এ ঘটনায় ২৪ নভেম্বর তিনি বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করেন। চার দিন পর ২৮ নভেম্বর র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শহরের নাটাইপাড়ার বৌবাজারে তাঁর ভাড়া বাসায় তাঁকে খুঁজতে যান। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী শামিম আখতারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে প্রতিবেশীদের বিরুদ্ধে করা মামলাটি তুলে না নিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন। তাঁরা রোববার তাঁকে (আসাদ) ক্যাম্পে দেখা করতে বলেন।
র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানি ক্যাম্পের অধিনায়ক মোসাদ্দেক ইবনে মুজিব দাবি করেন, চেয়ারম্যান মতিন ও আসাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসংক্রান্ত জিডির অনুলিপি নিয়ে র‌্যাবের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ নিয়ে আসেন দিপু আকতার নামের একজন নারী। ওই নারীর নিরাপত্তা বিবেচনায় নিয়ে বিষয়টির প্রাথমিক তদন্তের জন্য র‌্যাবের একটি দলকে পাঠানো হয়। দলটি অভিযুক্ত দুজনের বাসায় গিয়ে তাঁদের ক্যাম্পে দেখা করার কথা বলে। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য চেয়ারম্যান র‌্যাবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন। একইভাবে আসাদও থানায় অভিযোগ নিয়ে যান। কিন্তু পুলিশ আসাদের জিডি নেয়নি।
গাবতলী মডেল থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আসাদ বাদী হয়ে মারামারির যে মামলা করেছেন, দিপু আকতার সেই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান সোমবার প্রথম আলোকে বলেন, থানা থেকে জিডির কপি হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আর আস্থা থাকে না। তিনি বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।