র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ আন্ধারমানিক স্টেশনসংলগ্ন আলুবাড়িয়ার খাল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু দারোগা বাহিনীর সদস্য।
আজ মঙ্গলবার ভোর ছয়টা ৫০ থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ওই ‘বন্দুকযুদ্ধ’ চলে বলে র্যাব দাবি করেছে। নিহত ব্যক্তিরা হলেন এমদাদুল হাওলাদার (৩৪) ও সাইফুল (২৪)। তাঁদের দুজনের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়।
ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। এসব অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি দেশি বন্দুক, তিনটি একনলা বিদেশি বন্দুক, একটি শটগান, একটি থ্রি জিরো কাটা রাইফেল, পাঁচটি পাইপগান, ১৬৫টি গুলি। এ ছাড়া একটি ট্রলার উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য, ওই এলাকায় বনদস্যু দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাঁরা খবর পান। র্যাব ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় বনদস্যুরা পিছু হটে। ঘটনাস্থলে গিয়ে র্যাব নিহত দুজনের লাশ ও অস্ত্র পড়ে থাকতে দেখে।