র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সবুজ বাহিনীপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালীতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ বাহিনীর প্রধান নাজির আহম্মেদ সবুজ (৪০) নিহত হয়েছেন। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি কাটা রাইফেল, পাঁচটি ককটেল ও কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। নিহত নাজির আহম্মেদ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামের আবদুল আউয়াল হাওলাদারের ছেলে।
নাজির আহম্মেদের বাবা ও মা ঢাকায় থাকেন। স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে তিনি শুক্তাগরে গ্রামের বাড়িতে থাকতেন।
র‌্যাব-৮-এর ক্যাপ্টেন মো. বাশারের ভাষ্য, র‌্যাবের একটি নিয়মিত টহল দল চারটি মোটরসাইকেলযোগে গতকাল সন্ধ্যায় কাউখালী শহরে টহল দিচ্ছিল। এ সময় শহরের কাউখালী মহাবিদ্যালয় মাঠে চার-পাঁচজনের একটি দলকে গোপন বৈঠক করতে দেখে র‌্যাব সদস্যরা এগিয়ে যান। তখন সন্ত্রাসীরা র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রুহুল আমীনকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে চেষ্টা করে। এ সময় গুলিতে একজন নিহত হয়। পরে নিহত ব্যক্তি দস্যু বাহিনীর প্রধান নাজির আহম্মেদ বলে জানা যায়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি কাটা রাইফেল ও কিছু গুলির খোসা উদ্ধার করে।
র‌্যাবের দাবি, সবুজ র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি উপকূলীয় এলাকায় ‘সবুজ বাহিনী’ গড়ে তুলে নানা দস্যুতা চালিয়ে আসছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান ‘বন্দুকযুদ্ধে’ সবুজ নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে রাজাপুর থানায় ছয়টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এ ছাড়া উপকূলীয় কয়েকটি থানায়ও তাঁর বিরুদ্ধে মামলা আছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।