র্যাবের হাতে ভুয়া এসআই আটক
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকা থেকে এক ভুয়া উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তির নাম রাজু মোল্লা। তাঁর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা গ্রামে। বাবার নাম সামাদ মোল্লা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে তল্লাশি চালানো হয়। এ সময় ফরিদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে রাজুকে পাওয়া যায়। রাজু নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন ও একটি ভুয়া পরিচয়পত্র দেখান। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে আটক করা হয়।
রইচ উদ্দিন বলেন, রাজু বিভিন্ন স্থানে এসআই পরিচয় দিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতারণার অপরাধে রাজুর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, ঢাকা থেকে লঞ্চে বরিশাল আসার সময় ইভতিজা হাসান নামের এক ব্যক্তির সঙ্গে রাজুর পরিচয় হয়। এ সময় রাজু নিজেকে পুলিশের এসআই পরিচয় দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সখ্য তৈরি হয়। রাজু ওই দিন রাতে তাঁর বাড়িতে অবস্থান করে। পুলিশ লাইনে কাজ আছে বলে তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ১৮ মার্চ থানায় জিডি করেন।