র্যাগিং: রংপুর মেডিকেলের ১৪ ছাত্রলীগ নেতা-কর্মীর শাস্তি
দুই ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় রংপুর মেডিকেল কলেজের ১৪ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁরা সবাই ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রী।
র্যাগিংয়ের ঘটনায় গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাস্তি হিসেবে পঞ্চম বর্ষের ছাত্রী নুর ই সাবা আশা ও মার্জিয়া এবং চতুর্থ বর্ষের মুমুর তিন টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে। চতুর্থ বর্ষের তম্বী, কেয়া ও তৃতীয় বর্ষের মিশুর দুই টার্ম পরীক্ষা এবং তৃতীয় বর্ষের তুতুল, স্বর্ণা, দ্বিতীয় বর্ষের নুসরাত প্রজ্ঞা, লিজা, সোমা ও মুনা, এবং প্রথম বর্ষের তানসুছিলা ও জ্যোতির্ময়ীর এক টার্ম পরীক্ষা স্থগিত করা হয়। সেই সঙ্গে এই ১৪ জনের ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে। এঁদের মধ্যে নুর ই সাবা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং অন্যরা কর্মী।
অন্যদিকে র্যাগিংয়ের ঘটনায় সহযোগিতা করায় ছাত্রলীগ কর্মী উত্তমা, নেহা, তানু, তুষি, মনিসা, রাফা ও দিতিকে তিরস্কার ও সতর্ক করা হয়েছে।
র্যাগিংয়ের শিকার দুই শিক্ষার্থীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নতুন তৃতীয় বর্ষের দুই ছাত্রী ছাত্রীনিবাসের ২৫ ও ২৬ নম্বর কক্ষে থাকেন। ২৯ আগস্ট রাতে একই ছাত্রীনিবাসের শিক্ষার্থী ও মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুর ই সাবা আশার নেতৃত্বে একদল কর্মী ওই দুই শিক্ষার্থীর কক্ষে ঢুকে তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তাঁরা তাঁদের রাতভর দাঁড় করিয়ে রাখেন। এ সময় তাঁরা দুই কক্ষের জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করেন।
পরদিন সকালে নির্যাতিত ছাত্রীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে গত বৃহস্পতিবার তাঁরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান।
মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান বলেন, নুর ই সাবা আশা ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সহসভাপতি। তবে অন্যরা ছাত্রলীগের কর্মী কি না, তা তাঁর জানা নেই।
কলেজ অধ্যক্ষ অনিমেশ মজুমদার শাস্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজের ভাবমূর্তি রক্ষা এবং ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।