র‍্যাফল ড্র বিরোধী আন্দোলনের নেতাকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে র‍্যাফল ড্র বন্ধ আন্দোলনের মুখ্য ভূমিকা পালনকারী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে শহরের মুচিপোল এলাকার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা গতকাল বুধবার আদালত বর্জন করেন। দুপুরে জেলা আইনজীবী সমিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, মো. ছিদ্দিক আহম্মেদ, গোলাম নবী, ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহম্মদ আলী, এস এ মতিন প্রমুখ। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুমকি দেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী ছয়জনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসীর একটি দল নজরুল ইসলামকে পিটিয়ে জখম করে।
সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জানতে চাইলে মুঠোফোনে আশরাফুজ্জামান মুকুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।