র‍্যাফল ড্রয়ের নামে টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৈশাখী মেলায় র‍্যাফল ড্রয়ের নামে টিকিট বিক্রির টাকা নিয়ে দি আশার প্রদীপ নামের মাদারীপুরের একটি সংগঠনের লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার বিভিন্ন স্থানে টিকিট বিক্রি শেষে গত সোমবার তারা কিছু না জানিয়ে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির কয়েক শ গজ অদূরে নবনির্মিত বিআইডব্লিউটিএর টার্মিনালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ১৪ এপ্রিল থেকে বৈশাখী মেলার আয়োজন করে। মেলার আর কোনো আয়োজন না থাকলেও টার্মিনালের এক পাশে একটি নাগরদোলা, একটি কাঠের ফার্নিচারের দোকান ও সুসজ্জিত র‍্যাফল ড্রয়ের মঞ্চ সাজানো হয়। সেখানে দি আশার প্রদীপ র‍্যাফল ড্রয়ের নামে বিশাল ব্যানার টানানো হয়। প্রতিদিন ৩৫-৩৬টি রিকশায় করে কর্মীরা সারা দিন উপজেলাসহ আশপাশ অঞ্চলে টিকিট বিক্রি করত। রাত ১১টা পর্যন্ত চলত টিকিট বিক্রির কার্যক্রম। এর পর থেকে গভীর রাত পর্যন্ত মঞ্চ থেকে চলত পুরস্কার বিতরণের কাজ। পুরস্কার হিসেবে সে সময় অটোরিকশা, টেবিল ফ্যান, মুঠোফোন ইত্যাদি দেওয়া হতো। কখনো প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, কখনো মোটরসাইকেলসহ অনেক কিছু ঘোষণা দেওয়া হবে বলে জানানো হতো।
গত শনিবার রাতে দুটি মোটরসাইকেল পুরস্কার দেওয়ার পর গত রোববার চারটি মোটরসাইকেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সারা দিন আট-নয় লাখ টাকার টিকিট বিক্রি শেষে সন্ধ্যায় অনিবার্য কারণবশত র‍্যাফল ড্র স্থগিত করে সংগঠনটি।
গোয়ালন্দ শহরের মাংস বিক্রেতা তোতা মিয়া পুরস্কারের আশায় একসঙ্গে ২০ টাকা মূল্যের ২২টি টিকিট কেনেন। গোয়ালন্দ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল খালেক ও আবু ইউসুপ বলেন, ‘আমরা কয়েকজন অন্তত ১০০টি টিকিট কিনেছি। সন্ধ্যার পর হঠাৎ জানতে পারি, ড্র হচ্ছে না। পরদিন শুনলাম, তারা চলে গেছে।’
অভিযোগ অস্বীকার করে র‍্যাফল ড্রয়ের পরিচালক শাহিন খান মুঠোফোনে বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে আমরা ড্র বন্ধ করে দিয়েছি। কারও টাকা আত্মসাৎ করা হয়নি।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।