র্যাব ও পুলিশের সম্পর্ক উন্নয়নে ১০ দফা নির্দেশনা
কোনো পরিস্থিতিতেই শারীরিক আক্রমণ বা আপত্তিকর ভাষা ব্যবহার না করতে র্যাব ও পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটলে যতটা সম্ভব তথ্য-প্রমাণসহ ইউনিট ইনচার্জকে জানাতে হবে।
সাম্প্রতিক সময়ে র্যাব ও পুলিশ সদস্যদের মধ্যকার কয়েকটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা জারি করা হলো। মোট ১০টি নির্দেশনা-সংবলিত একটি চিঠি এরই মধ্যে পুলিশ ও র্যাব কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ ও র্যাবের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো তদন্তে ৯ অক্টোবর পুলিশের উপমহাপরিচালককে (গণমাধ্যম ও পরিকল্পনা) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত উপমহাপরিচালক (শৃঙ্খলা) আবুল আলিম মাহমুদ এবং র্যাবের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মাহবুবুল আলম।
র্যাব ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি আলোচনায় আসে গত ২৭ সেপ্টেম্বর জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খানকে পাঠানো র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের একটি চিঠির মধ্য দিয়ে। চিঠিতে র্যাবের মহাপরিচালক অভিযোগ করেন, পরিচয় জানা সত্ত্বেও পুলিশের সদস্য র্যাবের সদস্যদের লাঠি ও রাইফেল দিয়ে আঘাত করেছেন। চিঠির সঙ্গে তিনি ছয়টি ঘটনার কথাও উল্লেখ করেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘র্যাব বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ ইউনিট। জেলা, মেট্রোপলিটন অথবা অন্য কোনো পুলিশ ইউনিটের সদস্যগণ ও র্যাব সদস্যগণ পারস্পরিক ভ্রাতৃত্ব ও শ্রদ্ধাবোধ নিয়ে কাজ করবেন এটাই প্রত্যাশিত। মাঠপর্যায়ে কখনো পুলিশ ও র্যাবের কিছুসংখ্যক সদস্যের অপেশাদার আচরণের কারণে পুলিশের সঙ্গে র্যাব সদস্যদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন পুলিশ ইউনিট ও র্যাব সদস্যদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্দেশনা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’