র‍্যাব পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে গতকাল সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সাইফুজ্জামানের মা–বাবা l ছবি: প্রথম আলো
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে গতকাল সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সাইফুজ্জামানের মা–বাবা l ছবি: প্রথম আলো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে র‌্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ সাইফুজ্জামান সোহাগ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

গতকাল শুক্রবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সাইফুজ্জামানের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। তাঁদের বাড়ি রাজশাহী নগরের রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ায়। তবে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বা পুলিশের কেউ সাইফুজ্জামানকে তুলে নিয়ে যাওয়ার কোনো তথ্য দিতে পারেনি।

সাইফুজ্জামান সোহাগ
সাইফুজ্জামান সোহাগ

সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান সোহাগের বাবা আক্কাস উজ জামান বলেন, ‘গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে প্রায় ১৫ জনের একটি দল একটি সাদা মাইক্রোবাসে করে এসে র‌্যাব পরিচয় দিয়ে বাড়ির ফটক খুলতে বলে। আমরা প্রথম দিকে ফটক খুলতে চাইনি। অনেক জোরাজুরির পর ফটক খোলার সঙ্গে সঙ্গে তারা তিনতলায় আমার ছেলে সোহাগের ঘরে যায় এবং ওর ল্যাপটপ খুলে কী কী আছে দেখতে থাকে।’
আক্কাস বলেন, ওই সময় তিনি ও তাঁর স্ত্রীকে কয়েকজন মিলে ঘিরে রাখে। তারা কথাও বলতে দেয়নি, ছেলের ঘরেও যেতে দেয়নি। কিছুক্ষণ পর ল্যাপটপ, ক্যামেরাসহ সোহাগকে তারা ধরে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে, জানতে চাইলে তারা বলে, সকালে থানায় খোঁজ করবেন।
সাইফুজ্জামান সোহাগের মা শিরিন জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, র‌্যাব পরিচয়ে যারা এসেছিল, তারা সোহাগের সহপাঠী এক ছাত্রীর বিষয়ে কথা বলেছে। তবে কী কথা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি সাইফুজ্জামানের মা।
আক্কাস বলেন, সোহাগ বিবাহিত। তার স্ত্রী ঢাকায় মেডিকেলে পড়ে। খবর পেয়ে বাসায় এসে সে দেখেছে, তার গয়নাও পাওয়া যাচ্ছে না। আমরা বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানায় খোঁজ নিতে গেলে আমাদের বলা হয়েছে, সোহাগ সেখানে নেই। পুলিশ নাকি কিছুই জানে না। আমরা র‌্যাবের কাছেও গিয়েছি। তারা বলেছে, রাতে নাকি আমাদের এলাকায় কোনো অভিযানই চালায়নি। সংবাদ সম্মেলনে সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করেও থাকে, তাহলে তাকে আদালতে সোপর্দ করে আইনের আওতায় নেওয়া হোক।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘দলের কারও সঙ্গে সোহাগের মনোমালিন্য হয়েছে বলে শুনিনি।’
সাইফুজ্জামানকে ‘তুলে নিয়ে যাওয়ার’ খবর পাননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বেগ।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, সাইফুজ্জামানের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা এখনো তাঁর খোঁজ পাইনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাজশাহী র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর মো. আবদুস সালাম বলেন, ‘র‌্যাবের কেউ তাঁকে গ্রেপ্তার করেনি। আমরা ঘটনা খতিয়ে দেখছি। চেষ্টা করছি দ্রুত তাকে খুঁজে বের করার।’