র্যাব পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ
যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে সাদাপোশাকের একটি দল আবু তাহের (৩৫) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আবু তাহেরের স্ত্রী নাজমা বেগম। তবে র্যাবের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আবু তাহের যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। তাহের যুবলীগের কর্মী দাবি করে সংবাদ সম্মেলনে স্ত্রী নাজমা বেগম বলেন, ২১ জুলাই সাদাপোশাকের একটি দল তাহেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের ‘র্যাবের লোক’ বলে পরিচয় দেয়। পরে যশোর র্যাব অফিসে যোগাযোগ করলে তাহেরকে আটকের কথা অস্বীকার করা হয়। এরপর থানা, ডিবি পুলিশসহ সব জায়গাতেই যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাহেরের খোঁজ মেলেনি।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-৬–এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই।’
সম্মেলনে আবু তাহেরের মা আমেনা বেগমসহ পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।