র্যাব পরিচয়ে ছাত্রকে তুলে নেওয়া হলো স্কুল থেকেই
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) সদস্য পরিচয়ে আজ মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ উচ্চবিদ্যালয় থেকে দশম শ্রেণির ছাত্র মোবারক হোসেনকে (১৬) তুলে নিয়ে যাওয়া হয়েছে। র্যাব-১৩ নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত ল্যান্স করপোরাল শফিক প্রথম অলোকে আজ রাত পৌনে আটটায় প্রথম আলোর কাছে এই ছাত্রকে তুলে আনার কথা স্বীকার করেছেন।
স্থানীয় প্রশাসনকে না জানিয়ে একজন ছাত্রকে তুলে দেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ছাত্রের পরিবার।
আগ্রাণ উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দুজন লোক নিজেদের উন্নয়ন প্রকল্পের কর্মী পরিচয়ে বিদ্যালয়ে আসেন। তাঁরা বিদ্যালয়ের ভকেশনাল শাখার পাঁচ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নিবন্ধন শিক্ষার্থীদের মধ্যে থেকে তাঁরা ভকেশনাল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী মোবারক হোসেনসহ পাঁচ শিক্ষার্থীকে বাছাই করেন। এরপর আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে ফোন করে জানানো হয় যে তাঁরা উপবৃত্তির বিষয়টি ফয়সালা করতে বিদ্যালয়ে আসছেন। তাঁদের অনুরোধে বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক এবং ওই পাঁচ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। বেলা একটার দিকে সাদা রঙের মাইক্রোবাসে চারজনের একটি দল বিদ্যালয়ে আসে। তারা প্রথমেই মোবারক হোসেনের সঙ্গে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা মোবারকের ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে নেন এবং নানা ধরনের প্রশ্ন করতে থাকে। এর পরপরই তারা মোবারককে জোর করে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় তারা একটি মুঠোফোন নম্বর (০১৭১৮-৭৭৯৫২২) দিয়ে যায়। ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। খবর পেয়ে মোবারকের বাবা বড়াইগ্রাম পশ্চিম পাড়ার আবদুস সাত্তার বিদ্যালয়ে ছুটে আসেন। পরে তারা বড়াইগ্রাম থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে ঘটনার কথা জানান। তবে তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না বলে তাঁদের জানিয়েছেন।
আগ্রাণ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহের সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা মোবারককে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের একজন র্যাব-১৩-এর মেজর হিসেবে পরিচয় দিয়ে বলেন, মোবারকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গত এক মাস ধরে তাঁরা মোবারকের মুঠোফোনে আড়ি পেতেছিলেন।
প্রধান শিক্ষক আবদুস সোবহান বলেন, ‘বিষয়টি আমি তাৎক্ষণিক ইউএনও বা ওসিকে না জানিয়ে ভুল করেছি। পরে আমি ঘটনাটি তাঁদের জানিয়েছি।’
মোবারকের বাবা আবদুস সাত্তার বলেন, ‘আমার ছেলে অনেকটা প্রতিবন্ধী। সে স্পষ্টভাবে কথাই বলতে পারে না। তার জঙ্গি সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। বিদ্যালয় থেকে আমার ছেলেকে অজ্ঞাত লোকজন এসে নিয়ে গেল, স্থানীয় প্রশাসন জানল না। বিষয়টি নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের গাফিলতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।’
এ ব্যাপারে আজ বিকেলে র্যাব-১৩-এর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে বলা হয়, তাঁদের কোন টিম নাটোরে যায়নি। পরে প্রধান শিক্ষকের কাছে দিয়ে যাওয়া নম্বরে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করে একজন বলেন, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করতেই মোবারককে আটক করা হয়েছে।
পরে আজ সন্ধ্যায় র্যাব-১৩ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মোবরককে উঠিয়ে নিয়ে আসার কথা স্বীকার করা হয়।
এ ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন বলেন, তাঁকে এ বিষয়ে কেউ কোনো কিছু জানাননি। তিনি মোবারকের মা-বাবাকে র্যাবের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ও বড়াইগ্রামের ইউএনও ইশরাত ফারজানা বলেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।