চুয়াডাঙ্গা সদর থানা মসজিদের ইমাম আমির হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র আবুজর গিফারী (২২) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।
আমির হোসেনের অভিযোগ, গত ২৮ জানুয়ারি কুষ্টিয়ার আশরাফুল উলুম কওমি মাদ্রাসা থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে তাঁর ছেলে নিখোঁজ রয়েছেন।
গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমির হোসেন। তিনি বলেন, তাঁর ছেলে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়ার ওই মাদ্রাসায় ১০ বছর ধরে পড়াশোনা করছেন। বর্তমানে তিনি তাকমীল (দাওয়াই হাদিস) শেষ বর্ষের ছাত্র।
আমির হোসেন অভিযোগ করেন, ২৮ জানুয়ারি বেলা দুইটার দিকে চারজন লোক মাদ্রাসায় প্রবেশ করেন।
তাঁদের মধ্যে তিনজন মাদ্রাসার কার্যালয়ে গিয়ে শিক্ষক আবদুল বাতেনের কাছে নিজেদের র্যাবের সদস্য বলে পরিচয় দেন। আবুজর গিফারী তখন মাদ্রাসার দোতলার একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে গিয়ে র্যাবের সদস্যরা তাঁর পরিচয় জানতে চান। একপর্যায়ে তাঁকে নিচে নিয়ে আসেন। এরপর তাঁকে একটি পাজেরো গাড়িতে (ঢাকা মেট্রো গ-১৩-৭২৬৭) করে তুলে নিয়ে যান।
মাদ্রাসার সুপার আবু দাউদ ওই দিন বেলা তিনটার দিকে মুঠোফোনে আমির হোসেনকে বলেন, তিনি মসজিদে থাকাকালে র্যাব পরিচয়ে আবুজরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই দিন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে ও সদর থানায় যোগাযোগ করে।
এ ছাড়া আমির হোসেন ২৯ জানুয়ারি র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পপ্রধানের সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তারা জানান, র্যাব-১২ এ ধরনের কোনো অভিযান চালায়নি। একই দিন আমির হোসেন কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রের পরিবার আমার সঙ্গে দেখা করেছে। তবে আমার জানামতে, র্যাব এ ধরনের কোনো অভিযান চালায়নি।’
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।