র্যাব পরিচয়ে মাংস কিনতে গিয়ে...
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক ভুয়া র্যাব সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডে এক দোকান থেকে মাংস কিনে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় তাঁকে আটক করেন এলাকাবাসী।
আটক ব্যক্তির নাম মো. আফজাল মিনহাজ সংগ্রাম। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
থানা-পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে মাংস বিক্রেতা বাবলু কসাইয়ের কাছ থেকে ১৫ কেজি গরু এবং ১৩ কেজি খাসির মাংস কেনেন আফজাল। মাংসের টাকা র্যাব-১২ সদর অফিস সলঙ্গা থেকে নেওয়ার জন্য বলে মোটরসাইকেলে করে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে মাংস বিক্রেতা তাঁকে আটকান এবং তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আশপাশের লোকজন জমায়েত হন। একপর্যায়ে সে ভুয়া র্যাব সদস্য হিসেবে সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাপবিশিষ্ট একটি ভুয়া পরিচয়পত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাবুল কসাই বাদী হয়ে মামলা করেছেন। আফজালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।