র্যাব পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
চুয়াডাঙ্গা সদর থানা এলাকার আবুজর গিফারী (২২) নামের এক যুবক চার দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, র্যাব পরিচয়ে কে বা কারা তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গিফারীর পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গিফারীর বাবা আমির হোসেন।
আমির হোসেন বলেন, দশ বছর ধরে গিফারী কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়ায় আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় পড়াশোনা করছিলেন। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চারজন লোক মাদ্রাসায় ঢুকে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেন। ওই সময় গিফারী পরীক্ষা শেষে মাদ্রাসার দোতলার একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। তখন র্যাব সদস্যরা তাঁর পরিচয় জানতে চান। গিফারী পরিচয় দিলে তাঁকে ওই ব্যক্তিরা একটি পাজেরো গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
আমির হোসেন বলেন, র্যাব পরিচয়ে তুলে যাওয়ার কথা তিনি মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে জানতে পেরেছেন। পরদিন তিনি র্যাব-১২ এর কুষ্টিয়া ও সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা তাঁকে (আমির হোসেন) জানান, গিফারী নামের কাউকে তাঁরা আটক করেননি। পরে তিনি এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব প্রথম আলোকে বলেন, অপহরণের বিষয়ে ওই পরিবার আমার সঙ্গে কথা বলেছে। তবে র্যাবের কোনো সদস্য গিফারী নামের কাউকে আটক করেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এদিকে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে বলেন, জিডির বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।