পাঁচ জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৬

দেশের পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে নড়াইল, নাটোর, নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার দিবাগত রাত ও আজ মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো ঘটে। আর যশোরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের লাশ পাওয়া যায়। পুলিশ বলছে তারা ডাকাত। নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোহাম্মদপুর ও নাটোরের লালপুরের বিজয়পুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হন। তবে নাটোরে নিহত ব্যক্তির পরিবার দাবি করছে, তাঁকে তুলে নেওয়া হয়েছিল। আর নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে নিহত দুজন ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। আর নাটোর ও নারায়ণগঞ্জে নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমারের ভাষ্য, ডাকাতেরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে দিবাগত রাত পৌনে তিনটার দিকে পুলিশের একটি দল পৌর এলাকার কচুবাড়িয়ায় পাকা রাস্তার পাশে অভিযানে যায়। ডাকাতেরা এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১৫ থেকে ২০ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে তারা পালিয়ে গেলেও গৌরাঙ্গ দত্তের একটি বাঁশবাগানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।
নাটোর: র্যাব-৫-এর নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল রাত ২টা ২০ মিনিটের দিকে বিজয়পুর এলাকায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে গুলিবিনিময়ের সময় আহাদুল মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাবের দাবি, আহাদুল মোল্লা মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা আছে। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, গতকাল বেলা একটার দিকে সাদাপোশাকের লোকজন আহাদুলকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে গিয়েছিল। তাঁর স্ত্রী ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যালয়ে স্বামীর খোঁজ নেন। কেউ তাঁর সন্ধান দিতে পারেনি। সকালে হাসপাতাল থেকে স্বামীর মৃত্যুর খবর পান।
নারায়ণগঞ্জ: র্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলেপ উদ্দিনের ভাষ্য, ভোরে সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় আগমন ফিলিং স্টেশনে ইয়াবার চালানের লেনদেন হচ্ছে—এমন খবরের ভিত্তিতে র্যাব-১১ সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১৩ মিনিটের গোলাগুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। অন্যরা পালিয়ে যায়। আহত ব্যক্তিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে আলমগীর হোসেন ওরফে বিয়ার আলমগীর বলে শনাক্ত করেন। র্যাবের দাবি, নিহত আলমগীর তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ১৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল রাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল র্যাব-৫। রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার মোহাম্মদপুর-ত্রিমোহিনী এলাকার পাইকড়তলা মোড়ের কাছে কিছু দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে র্যাবের গাড়ি বুঝতে পেরে তারা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। গোলাগুলি থেমে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
যশোর: মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, রাত দুইটার দিকে যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া এলাকা থেকে গুলির শব্দ আসে। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার দুই পাশে দুজনের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। পরে লাশ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৫০ ও অপরজনের ৪০ বছর। তাঁদের একজনের পরনে শার্ট-প্যান্ট ও অপরজনের শার্ট-লুঙি। তাঁদের মাথায় একটি করে গুলির চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি দা, দুটি রশি ও একটি করাত উদ্ধার করা হয়েছে। এগুলো দেখে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশের গাছ কেটে ডাকাতির উদ্দেশ্যে তাঁরা জড়ো হয়েছিলেন। কোনো কারণে তাঁদের মধ্যে বিরোধ হয়। এতে নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন মারা গেছেন।