র‍্যাব ব্যারাকে আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশকোনায় র‍্যাবের ব্যারাকে গতকাল িবস্ফোরণে আত্মঘাতী অজ্ঞাতপরিচয় যুবকের লাশ বিমানবন্দর থানা-পুলিশ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় l ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর আশকোনায় র‍্যাবের ব্যারাকে গতকাল িবস্ফোরণে আত্মঘাতী অজ্ঞাতপরিচয় যুবকের লাশ বিমানবন্দর থানা-পুলিশ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় l ছবি: সাইফুল ইসলাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক দম্পতির আত্মঘাতী হওয়ার পরদিনই রাজধানী ঢাকায় র‍্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলা হয়েছে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার ভেতরে জঙ্গিদের এ ধরনের হামলা এটাই প্রথম।

গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। বিকট বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে, হামলাকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে রক্ত-মাংস সীমানাদেয়ালের বাইরেও ছড়িয়ে পড়ে। এটাকে আত্মঘাতী জঙ্গি হামলা বলে ধারণা করছে র‍্যাব। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

.
.

হামলাটি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে। হামলার পরে দেশের সব বিমানবন্দর ও কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে র‍্যাবের সব স্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট (আইএস) র‍্যাবের ব্যারাকে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই প্রতিষ্ঠান ইন্টারনেটে বিভিন্ন দেশের জঙ্গিগোষ্ঠীর তৎপরতা পর্যবেক্ষণ করে থাকে। গতকাল সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়,আইএসের সংবাদমাধ্যমআমাকমেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে র‍্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গত রাতে প্রথম আলোকে বলেন, এর আগেও বাংলাদেশে বিভিন্ন হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছিল। কিন্তু এর কোনো ভিত্তি নেই। এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
র‍্যাবের ব্যারাকে হামলার আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে শিশুসন্তানসহ জঙ্গি দম্পতি নিহত হয়। ওই অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনায় এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় এক নারী আত্মঘাতী হয়। ওই জঙ্গি আস্তানা গতকালের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। এই দুটি ঘটনায় নিহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘নব্য জেএমবি’র সদস্য বলে তখন পুলিশ জানিয়েছিল। এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর জেএমবি গাজীপুরের আইনজীবী সমিতি ও চট্টগ্রামের আদালতে আত্মঘাতী হামলা চালিয়েছিল।

 গতকালের আত্মঘাতী কোনো জঙ্গি সংগঠনের সদস্য কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য। তবে কোন দলের, সেটা এখনই বলা সম্ভব নয়। তার কাছে কোনো লিফলেট বা অন্য কিছু পাওয়া যায়নি।

রক্তাক্ত ব্যারাক: দুটি তাজা বোমা উদ্ধার

.
.


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মোড় থেকে উল্টো দিকের রাস্তা ধরে শখানেক গজ এগোলেই হাতের ডানে র‍্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাক। সাড়ে আট একর জায়গার চারদিকে দেয়াল। পশ্চিম দিকের দেয়ালের পাশ ঘেঁষে উত্তর-দক্ষিণে লম্বালম্বি টিনশেড ব্যারাক। ভেতরে অনেক ফাঁকা জায়গা। এই ব্যারাকের মধ্যেই র‍্যাব সদর দপ্তরের প্রস্তাবিত ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। ব্যারাকটির দুটি টিনশেডের মাঝে গোসলখানা। সেখানে বড় পানির ট্যাংক থেকে পানি নিয়ে গোসল করেন র‍্যাব সদস্যরা। এর পাশেই গতকাল পড়ে থাকতে দেখা যায় আত্মঘাতী হামলাকারীর ছিন্নভিন্ন দেহটি। রক্ত-মাংস ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। বিস্ফোরণে ব্যারাকে রাখা গাড়িগুলোর কাচ ভেঙে গেছে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পরে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ (ব্যাকপ্যাক) ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়।

র‍্যাবের ব্যারাকটির সীমানাদেয়ালের ওপারেই হজ ক্যাম্প। ধারণা করা হচ্ছে, হজ ক্যাম্পের ভেতর দিয়ে দেয়াল টপকে ওই হামলাকারী ব্যারাকের ভেতরে ঢুকেছিল। বিস্ফোরণের পরে হজ ক্যাম্পের ফটকগুলোসহ আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয় র‍্যাব।
বেলা তিনটায় ব্যারাকের বাইরে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বেলা একটার দিকে অপরিচিত একজনকে দেয়ালের নিচ দিয়ে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করেন র‍্যাবের দুই সদস্য। এ সময় লোকটি পালানোর চেষ্টা করে। র‍্যাবের দুই সদস্য তাকে ধাওয়া করেন, ওই সময় বিস্ফোরণ ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের সিএমএইচে নেওয়া হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত।

র‍্যাবের একজন সদস্য ও ঘটনার পরে সেখানে যাওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, বেলা একটার দিকে কালো প্যান্ট ও চেক শার্ট পরা এক ব্যক্তিকে ওই ব্যারাকের ভেতর দেখে তার পরিচয় জানতে চান র‍্যাবের দুই সদস্য। কিন্তু সে কোনো কথা না বলে উল্টো পথে হাঁটতে থাকে। এ সময় র‍্যাবের দুই সদস্য তাকে ধরার চেষ্টা করলে গোসলখানার হাউসের পাশে গিয়ে ওই ব্যক্তি নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আরিফ ও মিজান নামের দুই র‍্যাব সদস্য আহত হন।

বিস্ফোরণের সময় পাশের হজ ক্যাম্পের মসজিদে জুমার নামাজের জন্য লোকজন জড়ো হচ্ছিলেন। মসজিদের ইমাম জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, তিনি তখন বাংলায় খুতবা পড়ছিলেন, এমন সময় বিকট আওয়াজে মুসল্লিরাও উৎসুক হয়ে ওঠেন। তখন তিনি মুসল্লিদের শান্ত করতে বলেন, ‘আপনারা টেনশন করবেন না। মসজিদের সামনে পুলিশের গাড়ি আছে। তারা দেখবে বিষয়টা কী।’ এরপর সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন করেন তিনি।

সেখানে নামাজ পড়তে ঢুকছিলেন মামুন রহমান নামের সিঅ্যান্ডএফের একজন কর্মী। তিনি বলেন, বিকট শব্দ শুনে প্রথমে ভয় পেয়ে যান। পরে তিনিসহ অনেকেই দৌড়ে শব্দের উৎসের দিকে যান। তাঁরা দেয়াল টপকে দেখেন, একটা ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। এরপর র‍্যাব সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন।

ওই এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, বিকট শব্দ শুনে বাড়ি থেকে এসে দেখেন, রাস্তার ওপরও মানুষের চামড়া-মাংসের টুকরা পড়ে রয়েছে।

ঘটনাস্থল থেকে ১০ গজ দূরে র‍্যাবের ব্যারাক ও হজ ক্যাম্পের কোনায় কিশোর চা বিক্রেতা সবুজ মিয়া প্রথম আলোকে বলে, বিস্ফোরণের কম্পনে তার চায়ের কেটলি চুলা থেকে পড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা। একজন কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় জঙ্গিদের হামলা এটাই প্রথম। যদিও এর আগে চট্টগ্রামে নৌঘাঁটির মসজিদে, আশুলিয়া ও রাজধানীর গাবতলীতে পুলিশের চেকপোস্টে জঙ্গিরা হামলা চালিয়েছে।

গতকাল সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সতর্কতা জারি

হামলার পরে গতকাল বেলা তিনটার দিকে দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, সতর্কতার অংশ হিসেবে কারাগারে আসা দর্শনার্থীদের শরীর কঠোরভাবে তল্লাশি করা হবে। তারপর তাঁরা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নতুন যেসব বন্দী কারাগারে আসবেন, তাঁদের ও সঙ্গে থাকা মালামাল ভালোভাবে তল্লাশি করে কারাগারে ঢুকতে দেওয়া হবে। কারারক্ষীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করবেন। অস্ত্রধারী যেসব কারারক্ষী আছেন, তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন। কারাগারের ভেতরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কারাগারের আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক।

এ ঘটনার পরপর দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বলেন, প্রবেশপথে তল্লাশি বৃদ্ধির পাশাপাশি এপিবিএনের সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইকবাল করিম বলেন, শাহজালাল বিমানবন্দরের যেসব ফটক দিয়ে যাত্রীরা প্রবেশ করেন, সেখানে বাড়তি নিরাপত্তা ও তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যাত্রীদের সঙ্গে একজনের বেশি দর্শনার্থী বিমানবন্দরে যেতে পারবেন না। দর্শনার্থীরা কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। তিন দফা তল্লাশি করে তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে।