প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করানোর প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল সোমবার দুপুরে বিআরটিএ কার্যালয়ের মাস্টার রোলের দুজন কর্মচারীকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তাঁদের কাছ থেকে ঘুষের ১০ হাজার ৬০০ টাকা ও ২৫টি মোটরযান শিক্ষানবিশ কার্ড জব্দ করা হয়।
আটক কর্মচারীরা হলেন শহরের পাথালিয়া এলাকার আবদুল মোমিন ও তিতপল্লা এলাকার মনোহর বাদশা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেন।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল ওই কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল। আবদুল মোমিন ও মো. মনোহর বাদশা ২৫ জন প্রার্থীকে পরীক্ষায় পাস করানোর প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে ঘুষ নিয়েছেন—এমন খবর পেয়ে ওই কার্যালয়ে র্যাব অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন।