র‍্যাবের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে র‍্যাবের দুটি ভ্রাম্যমাণ আদালত অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো কলাবাগানের লাজ ফার্মা, তাজরীন ফার্মেসি, মিরপুর রোডের পাশে লিভেন্ডার ফার্মেসি কর্নার ও পল্লবী থানার মিরপুর ঔষধালয়।

র‍্যাব সূত্র জানায়, আজ দুপুর একটার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কলাবাগানে অবস্থিত ওষুধের দোকান লাজ ফার্মায় অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান লাজ ফার্মা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই গ্যাস্ট্রিক ও হৃদরোগসহ বিদেশ থেকে ২৪ ধরনের ওষুধ আমদানি করে বিক্রি করে আসছেন। এই অভিযোগে লাজ ফার্মাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর র‍্যাব পাশের তাজরীন ফার্মেসিতে অভিযান চালিয়ে ওষুধ প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি এমন ১৪ ধরনের ওষুধ বিক্রি করার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মিরপুর সড়কের পাশে লিভেন্ডার ড্রাগ কর্নারে অভিযান চালিয়ে একই অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেন। দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। এতে র‍্যাব-১ এর সদস্য, ওষুধ প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, জরিমানার সাড়ে সাত লাখ টাকা আদায় করা হয়েছে।

আজ দুপুর দেড়টার দিকে র‍্যাবের পৃথক একটি ভ্রাম্যমাণ আদালত পল্লবী থানার মিরপুর ঔষধালয়ে অভিযান চালিয়ে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করার অভিযোগে দোকানের মালিক গাজী সালাহউদ্দিন ওরফে বাবুকে (৩২) এক লাখ টাকা জরিমানা করেন। এতে নেতৃত্ব দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিন।