খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের কালাবগি এলাকায় ভদ্রা নদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই বন্দুকযুদ্ধ হয়।
র্যাবের দাবি, নিহত ব্যক্তির নাম আবদুর রউফ ওরফে রফুজ। তাঁর বাড়ি কয়রায়। রউফ বনদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান।
এর আগে গত শুক্রবার সকালে টহল দেওয়ার সময় ওই এলাকায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। ওই বন্দুকযুদ্ধে হাতে গুলিবিদ্ধ হন কালাবগি ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা পদ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে আছেন।
র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, কালাবগি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই র্যাব ওই এলাকায় অভিযান শুরু করে। দুই দিন ধরে চলা অভিযানে গতকাল সকালে ওই বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে। পরে ওই এলাকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রাইফেল, রাইফেলের ৮টি গুলি, শটগানের ৭টি গুলি, দুটি রামদা উদ্ধার করা হয়েছে।