র‍্যাবের দাবি 'বন্দুকযুদ্ধ', পরিবার বলছে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার তালতলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ছিনতাইকারী। ছিনতাইকারী দলের সঙ্গে তাঁদের ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
নিহত ব্যক্তির ভাই পরিচয়ে নাজমুল হক নামের এক ব্যক্তি বলছেন, ১২ জুলাই র‍্যাব পরিচয়ে চারজন তাঁর ভাইকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
র‍্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানার ভাষ্য, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে তালতলা মহিলা কলেজের সামনে ছিনতাইকারী দলের সঙ্গে তাঁদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে একপর্যায়ে ওই যুবক গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে র‍্যাব তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যান। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় সম্পর্কে র‍্যাব নিশ্চিত হতে পারেনি বলে তিনি জানান।

প্রথম আলোকে দেওয়া নাজমুল হকের ভাষ্য, নিহত ওই ব্যক্তির নাম ইয়াসিন সরকার। তিনি আগারগাঁও এলাকায় ঠিকাদারির কাজ করতেন। গত ১২ জুলাই মিরপুরের সনি সিনেমা হলের সামনে ইয়াসিন ঈদের কেনাকাটা করতে যান। এ সময় র‍্যাব পরিচয়ে মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে একটি মাইক্রোবাসে করে তাঁকে তুলে নিয়ে যায়। গোপন সূত্রে নাজমুল হক এ খবর পান বলে দাবি করেন। এর পর থেকে ভাই ইয়াসিন নিখোঁজ ছিলেন।

নাজমুল হকের তথ্যমতে, নিহত ইয়াসিনের বিরুদ্ধে শেরে বাংলা থানায় দুটি হত্যা মামলা আছে। ইয়াসিন আগে যুবলীগ করতেন। এখন আর কোনো দলের সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন। ইয়াসিন ও তাঁর স্ত্রী শাম্মী আক্তার তাঁদের সঙ্গেই পশ্চিম আগারগাঁওয়ের শাপলা হাউজিংয়ের বাসায় বাস করছিলেন। ইয়াসিনের স্ত্রী অন্তঃসত্ত্বা।

নিহত যুবকের পরিচয় সম্পর্কে জানানো হলে র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো পরিচয় সম্পর্কে নিশ্চিত নন। পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন.. 
ঢাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১