র‍্যাবের নিষ্ফল অভিযানে ক্ষতিগ্রস্ত দুই ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মে মাসে নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় একটি বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব। প্রথম আলো ফাইল ছবি
গত মে মাসে নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় একটি বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব। প্রথম আলো ফাইল ছবি

নরসিংদী সরকারি কলেজের গণিত বিভাগের ছাত্র আবু জাফর। টাকার অভাবে বাকি চার ভাই লেখাপড়া করতে পারেননি। দিনমজুর ভাইদের টাকায় আর টিউশনি করে চলছিল আবু জাফরের শিক্ষাজীবন। হঠাৎ আবু জাফর জানতে পারেন, তিনি ‘ভয়ংকর সন্ত্রাসী’।

গত ২০ মে র‍্যাব-১১ নরসিংদীর উত্তর গাবতলীতে জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায়। ওই বাসা থেকে তারা দশম শ্রেণির এক ছাত্রসহ পাঁচজনকে আটক করে। তিনজনকে ওই দিনই ছেড়ে দেয়। কিন্তু সন্ত্রাস দমন আইনে মামলা করে আবু জাফর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সালাউদ্দীন আহমেদের বিরুদ্ধে। তিন মাস তাঁরা জেল খাটেন। গত ২৬ আগস্ট তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন।

একই মামলায় পরে গ্রেপ্তার আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ওই দুজন সম্পর্কে কিছু বলেননি।

তবে র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি আলেপউদ্দীন গতকাল বলেন, তাঁদের দুজনের নাম অভিযোগপত্রে থাকবে।

র‍্যাবের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আতিয়া মহলে অভিযানের সময় তাঁরা একই ক্রমিকের কয়েকটি ফোন নম্বর পেয়েছিলেন। মাঝখানের একটি ফোন নম্বর সালাউদ্দীনের সঙ্গে মিলে যায়। ফোন নম্বরটির লোকেশন নরসিংদীতে পাওয়ায় র‍্যাব সেখানে অভিযান চালায়।

র‍্যাব-১১-এর ডিএডি টি এম আবদুর রহমান মামলার এজাহারে লেখেন, ২০ মে নরসিংদীর গাবতলী উত্তরপাড়ায় কাজী মহিউদ্দীনের নির্মাণাধীন ভবন ঘিরে ফেলে ঘরের ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের অনুরোধ করেন। পরদিন সকাল ১০টায় জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়।

এজাহার অনুযায়ী প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে আটক আসামিরা তাৎক্ষণিক স্বীকার করেন যে তাঁরা জেএমবির প্রতিষ্ঠাতা ও সাবেক আমির শায়খ আবদুর রহমান ও জসীমউদ্দিন রাহমানীর অনুসারী। ওই বাড়িতে আরও তিন-চারজন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোপন বৈঠক শেষে কয়েকজন আসামি পালিয়ে যান। ওই আসামিরা হলেন ঢাকার মো. জনি ও আরিফ হোসেন, বাগেরহাটের তরিকুল ইসলাম, বরগুনার নাজমুল, বাগেরহাটের আলামিন ওরফে রাজীব।

আবু জাফরের আইনজীবী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, পলাতক আসামিদের পরে র‍্যাব গ্রেপ্তার করে। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। কিন্তু ওই দুজনের জড়িত থাকা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

তা ছাড়া ২১ মে র‍্যাব যখন অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল, তখন আশপাশের লোকজন আবু জাফরের দুটি ফেসবুক স্ট্যাটাস সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেয়। তার একটিতে আবু জাফর তাঁদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যটিতে লেখেন, তাঁরা আত্মসমর্পণ করতে পারছেন না। কারণ, দরজার বাইরের দিকে সিটকিনি লাগানো।

তিন মাসের কারাজীবন

জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার, তিন মাসের কারাবাস কতটা বদলেছে এই দুজনের জীবনকে, তার কোনো জবাব তাঁরা নিজেরা দেননি। নাম প্রকাশ না করার শর্তে আবু জাফরের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, পরিবারের অন্তত একজন শিক্ষিত হয়ে সরকারি চাকরি করবেন এবং পুরো পরিবারটিকে টেনে তুলবেন, এমন চিন্তায় আবু জাফরকে লেখাপড়া করাচ্ছিলেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিজের উপজেলায় প্রথম হয়েছিলেন তিনি, কিন্তু মাস্টার্স পরীক্ষা চলার সময় গ্রেপ্তার হয়ে যান। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা চাঁদা তুলে আইনজীবীর খরচ মিটিয়েছেন।

ওই সূত্রটি জানায়, জাফর এখনো ছাত্র পড়ান। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর চাকরি হবে কি না, তা নিয়ে চিন্তায় আছেন।

সালাউদ্দীনও ছাত্র পড়ান। তাঁর এক স্বজন বলেন, তিনি খুব কম কথা বলতেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর এখন বেশি কথা বলেন। তবে নরসিংদীতে আর ফিরে যাননি। তাঁর ছোট ভাইও একই মাদ্রাসায় পড়ে। তবে ভয়ে আর ছাত্রাবাসে থাকে না।