র‍্যাবের পাতা ফাঁদে 'দুই অপহরণকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের ১৪ দিন পর শিশু সাকিবুল হাসানকে (৭) উদ্ধার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ফাঁদ পেতে শিশু অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের বাহারছড়ার দক্ষিণ বড়ডেইল গ্রামের মো. আমীন (২২) ও কক্সবাজার শহরের কলাতলীর ঝরঝরিপাড়ার মো. আলাউদ্দিন (৩০)।

সাকিবুল বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার আমির হোসেনের ছেলে। আমির হোসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী। র‍্যাব জানায়, মুক্তিপণ আদায়ের জন্য শিশু সাকিবুলকে অপহরণ করা হয়েছিল।

সাকিবুলের মা আয়েশা বেগম বলেন, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির সামনের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাকিবুল। তিন দিন পর দুর্বৃত্তরা তাঁদের মুঠোফোনে জানায় সাকিবুলকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে হলে আড়াই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। নইলে সাকিবুলকে হত্যা করে লাশ গুম করা হবে। এরপর তাঁরা বিষয়টি উখিয়া থানার পুলিশকে জানান। র‍্যাবের কক্সবাজার ক্যাম্পেও এ বিষয়ে অভিযোগ করা হয়। ২৮ ফেব্রুয়ারি অপহরণকারীরা মুঠোফোনে ৭০ হাজার টাকা দাবি করে।

গতকাল র‍্যাবের কক্সবাজার ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিশু উদ্ধারের ঘটনার বিস্তারিত তুলে ধরেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. আশেকুর রহমান। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়ে র‍্যাব সদস্যরা অপহৃত শিশুটিকে উদ্ধারে মাঠে নামেন। একপর্যায়ে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে ফাঁদ পাতা হয়। এর অংশ হিসেবে অপহরণকারীদের দাবিমতো মুক্তিপণের টাকা নিয়ে গত সোমবার রাত সাড়ে ১০টায় শিশুর মাকে কলাতলী এলাকায় পাঠানো হয়। এ সময় র‍্যাবের সদস্যরা তাঁকে (শিশুর মা) অনুসরণ করতে থাকেন। রাত দেড়টার দিকে সাদাপোশাকে থাকা র‍্যাবের সদস্যরা মুক্তিপণ নিতে আসা দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে কলাতলীর ঝরঝরি পাড়ার আস্তানা থেকে শিশু সাকিবুলকে উদ্ধার করা হয়।

র‍্যাবের কর্মকর্তা আশেকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণকারী চক্রের সদস্য। মুক্তিপণের জন্য তারা শিশুটিকে অপহরণ করেছিল। তাদের সঙ্গে আরও লোক থাকতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার অপহরণকারীদের বিকেলে উখিয়া থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।