র্যাবের ফেনসিডিল পাওয়া ট্রাকে পুলিশ পেল হেরোইন
একটি ট্রাক থেকে ১৮ দিন আগে ফেনসিডিল উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের কাছে হস্তান্তরের পর ট্রাকটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সেই ট্রাক থেকে পুলিশ উদ্ধার করল এক কেজি হেরোইন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, গত ১৮ আগস্ট নগরের সল্টগোলা এলাকায় র্যাবের তল্লাশিচৌকির সদস্যরা একটি ট্রাককে থামতে সংকেত দেন। এ সময় র্যাব সদস্যদের দেখতে পেয়ে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যান। পরে ওই ট্রাকের ভেতর থেকে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। জব্দ করা ট্রাকটিও থানায় জমা দেওয়া হয়। পরে ট্রাকটি বন্দর থানার দক্ষিণ হালিশহর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সেই ট্রাকটিতে আবারও তল্লাশি চালানো হয়। পরে ট্রাকচালকের আসনের নিচ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় কোটি টাকা। এ ঘটনায় থানায় আরেকটি মামলা হয়েছে।
জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, সুকৌশলে গাড়ির চালকের আসনের নিচে হেরোইন লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে তল্লাশির সময় র্যাব সদস্যরা সেগুলো খুঁজে পাননি।