র্যাবের বিরুদ্ধে যুবককে ফাঁসানোর অভিযোগ
শরীয়তপুরে শামীম সিকদার নামের এক যুবককে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। র্যাবের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে র্যাব বলছে, শামীমের কাছে ইয়াবা ও জাল টাকা পাওয়া গেছে।
শুক্রবার র্যাব-৮–এর উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে ইয়াবা, জাল টাকা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে শামীমের বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মামলা করেছেন। শামীম শরীয়তপুর পৌরসভার তুলাসার এলাকার খালেক সিকদারের ছেলে। তিনি ১৫ বছর ধরে স্পেনে থাকেন। গত ৬ ডিসেম্বর দেশে ফিরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মোটরসাইকেল দিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেওয়া নিয়ে সাদাপোশাকে থাকা র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে শহরের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে র্যাব পরিচয়ে ৮-১০ জন লোক শামীমকে মারধর করে তুলে নিয়ে যায়। পরে মাদারীপুর র্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শামীমকে ইয়াবা ও জাল টাকাসহ আটক করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শরীয়তপুর জজ কোর্টের সহকারী কৌঁসুলি (এপিপি) পারভেজ রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকেল চারটার দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যাচ্ছিলেন। সে সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এমন অবস্থায় মোটরসাইকেলটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। আমরা বিষয়টির প্রতিবাদ করি। তখন সেখানে উপস্থিত শামীমও প্রতিবাদ করেন। পরে রাত আটটার দিকে খবর পাই, র্যাব পরিচয়ে শামীমকে তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি থানায় ছুটে যাই, র্যাব ক্যাম্পেও যোগাযোগ করি। কিন্তু রাত ১০টা পর্যন্ত কেউ শামীমের সন্ধান দিতে পারেনি। তখন আমি পালং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।’
শামীমের মা সালেহা বেগম বলেন, ‘১৫ বছর যাবৎ আমার ছেলে স্পেনে থাকে। তাঁকে অহেতুক র্যাব সদস্যরা ধরে নিয়ে অমানবিক অত্যাচার করে মিথ্যা মামলা দিয়েছেন। আমি এই মিথ্যা মামলার বিচার চাই।’
আজ শুক্রবার সকালে থানায় বসে শামীম সিকদার বলেন, ‘আমি স্পেন থেকে ৬ ডিসেম্বর দেশে আসি। দুই মাস পর ফিরে যাওয়ার কথা। র্যাবের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে আমাকে আটক করে মারধর করা হয়েছে। রাতে ক্যাম্পে নিয়ে আমার চোখ বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। ইয়াবা ও জাল টাকা দিয়ে এখন আমাকে মামলায় ফাঁসানো হয়েছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে র্যাব এক যুবককে থানায় নিয়ে আসে। তাঁর সঙ্গে ১০০টি ইয়াবা ও ১০ হাজার টাকার জালনোট পাওয়া গেছে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে একটি এজাহার দিয়েছে। তবে শামীম সিকদারের বিরুদ্ধে মাদক বা অন্য কোনো মামলা এ থানায় নেই বলে জানান তিনি।
র্যাব-৮–এর মাদারীপুর ক্যাম্পের পরিচালক মেজর সোহেল রানা বলেন, শামীম নামের ওই যুবক মাদকাসক্ত ছিলেন। তিনি দায়িত্ব পালনরত র্যাব সদস্যদের ওপর হামলা চালান। তাতে একজন র্যাব সদস্য আহত হয়েছেন। শামীমকে আটক করে ক্যাম্পে আনা হলে তাঁর প্যান্টের পকেটে ১০০টি ইয়াবা ও ১০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তবে তাঁকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।