র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে নৌ-ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আসাদুল্লাহ (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, আসাদুল্লাহ একজন নৌ-ডাকাত ছিলেন। 

আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদী তীরবর্তী চায়না ক্রসবার বাঁধ (মোড়গ্রাম) এলাকায় এ ঘটনা ঘটে।
আসাদুল্লাহর বাবার নাম আবদুর রশিদ। টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে তাঁর বাড়ি।
র‍্যাবের টাঙ্গাইল জেলার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন ফারুকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, ভোররাত পৌনে চারটার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মোড়গ্রাম চায়না বাঁধ সংলগ্ন শিল্প পার্ক এলাকার মোড়গ্রাম ও ছাতিয়ানতলিতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার সদস্যরা যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতেরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। র‍্যাব পাল্টা গুলি ছুড়লে আসাদুল্লাহর বুকে গুলিবিদ্ধ হয়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলা যাওয়া একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি উদ্ধার করা হয়। পরে আসাদুজ্জামানকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঘোষণা করেন।
র‍্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, গোলাগুলির ঘটনায় চারজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। নিহত আসাদুল্লাহর বিরুদ্ধে ভূঞাপুর থানায় খুন, ডাকাতি, ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন দেবপদ রায় জানান, ভোর ছয়টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর উপপরিদর্শক জাকির হোসেন আসাদুল্লাহর মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন। তাঁর বুকে গুলির চিহ্ন ছিল।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক বলেন, আসাদুল্লাহর লাশ ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।