র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী'র মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ ইমরান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কদমতলী থানার ওয়াসা এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, ইমরান ওই এলাকার মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।

 র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, রাতে ওয়াসা এলাকায় র‍্যাব-১০ এর একটি অভিযানের মাদক ব্যবসায়ীদের একটি দল গুলি চালায়। ধারণা করা হচ্ছে এই দলে ছয়জন ছিল। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ীদের দলের সদস্যদের সবাই পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে পুকুরটি থেকে গুলিবিদ্ধ ইমরানকে আহত অবস্থায় উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা রাত সোয়া ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। পলাতক অন্যদের ধরতে পুকুরসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে।

 মহিউদ্দিন ফারুকী বলেন, কদমতলী এলাকায় ইমরান ও তার ভাই বিল্লাল মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গত ৪ মার্চ রাতে গার্মেন্টস ব্যবসায়ী শামসুল হক ফকির (৫২) ও তাঁর ভাতিজা আল আমিন হোসেনকে (১৮) ইমরানসহ তিন-চারজন গুলি করে। শামসুল হকের পেটে আর আল আমিনের দুই পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 আল আমিনের বাবা শাহজাহান মিয়া ঘটনার পর বলেন, কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় তাঁরা থাকেন। তাঁর ভাই শামসুল হকের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিলেন ইমরান। এরই জের ধরে শামসুল হককে গুলি করা হয়েছে বলে তিনি মনে করছেন।