র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কথিত মাদক ব্যবসায়ী নিহত
রংপুরের রাধাকৃষ্ণপুর গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত রাধাকৃষ্ণপুর গ্রামের রহমতপাড়ায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শওকত আলী ওরফে ঘুঘু (৪০)। তিনি রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ডেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ‘ঘুঘু ডাকাত’ নামে পরিচিত।
বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব ১৩-এর সহকারী পরিচালক ও মিডিয়া উইংয়ের কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা সাংবাদিকদের জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় র্যাব। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবের দিকে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এভাবে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ঘটনাস্থলে শওকত আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব। সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে।
খন্দকার গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, ৪৭ বোতল ফেনসিডিল ও ছয় কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ‘ঘুঘু ডাকাত’ বলে পরিচিত শওকত আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসার অভিযোগে করা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
শওকত আলীর লাশের ব্যাপারে এখন পর্যন্ত পরিবারের কেউ খোঁজ করেনি বলে জানিয়েছে র্যাব।