মুন্সিগঞ্জে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

আজ বুধবার ভোররাত পৌনে চারটার দিকে পৌরসভার নগর কসবা এলাকায় র‍্যাব-১১-এর সঙ্গে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মালেক (৪৫)। বাড়ি উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকায়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিতুল ইসলামের ভাষ্য, মালেক শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর দুই ভাই মো. মন্টু ও মো. সালেক মিয়াও মাদক ব্যবসায়ী। তাঁরা পারিবারিকভাবে অনেক দিন ধরে মাদকের ব্যবসা করছেন। গতকাল রাতে মীরকাদিমের নগর কসবা এলাকায় মাদকের একটি বড় চালান আসছে—এমন তথ্য পেয়ে র‍্যাব অভিযানে যায়। ভোররাত পৌনে চারটার দিকে উপস্থিতি টের পেয়ে মালেকের সঙ্গীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিতে র‍্যাবের দুই সদস্য আহত হন।

এএসপি মহিতুল বলেন, মাদক ব্যবসায়ী দলের গুলিবিদ্ধ সদস্যকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি দক্ষিণ ইসলামপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল মালেক। তাঁর বিরুদ্ধে সদর থানাতেই ১১টি মামলা রয়েছে। তাঁর ভাই মন্টুর বিরুদ্ধে ১৫টি এবং সালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ৭টি মামলা রয়েছে।

র‍্যাব বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, ৮০০টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির বোন হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, মালেক আগে মাদকের কারবার করতেন। মাস চারেক আগে এই ব্যবসা ছেড়ে দিনমজুরের কাজ শুরু করেন তিনি।

নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বেগমের ভাষ্য, গত সোমবার রাত নয়টার দিকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মালেক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বন্দুকযুদ্ধ তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।