র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই ভাই নিহত
রংপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত দুজন সন্ত্রাসী। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
র্যাবের ভাষ্যমতে, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরের ধাপ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, নিহত দুজন হলেন মানিক (৩০) ও সুমন (২৬)। তাঁরা দুই ভাই। বাবার নাম আমির আলী। বাড়ি নগরের খলিফাতারী এলাকায়। নিহত দুজনের লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নগরের কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানীর ভাষ্য, ১১ জুলাই দিবাগত রাতে নগরের ধাপ এলাকায় লিমন (২৬) নামের এক যুবক খুন হন। ওই খুনের মামলার আসামি ছিলেন মানিক ও সুমন। পুলিশ তাঁদের খুঁজছিল।
রংপুর র্যাব-১৩ সূত্রের ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে তাদের একটি দল ধাপ এলাকা দিয়ে যাচ্ছিল। সেখানে দুই যুবককে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে র্যাব। একপর্যায়ে তারা র্যাবের ওপর হামলা চালায়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়। আহত হয় র্যাবের দুই সদস্য।
আরও পড়ুন..
ঢাকা ও রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩