র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জাতীয় উদ্যানের পাশে কুমারখাদা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর বরাত দিয়ে জয়দেবপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে বলে গোপন সংবাদ পায় র‍্যাব। এরপর গত রাত একটার দিকে র‍্যাবের টহল দল সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে রফিকুল গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের আবাসিক সার্জন আব্দুস সালাম সরকার বলেন, গতরাতে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহত যুবকের পেটের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন আছে।

র‍্যাবের বরাত দিয়ে এসআই আজহারুল আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আর নিহত রফিকুলের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আরও  পড়ুন..