র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুয়েল হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরের নদীবন্দর এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বলছে, স্ত্রীর ওপর নির্যাতন চালানোর ঘটনায় করা মামলাসহ নিহত জুয়েলের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলারও আসামি। অভিযোগ রয়েছে, তিনি স্ত্রীর চোখে ছুরিকাঘাত করেছিলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে তারা অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। জুয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় র‍্যাব-১-এর সদস্য এসআই মাহবুবুর রহমান (৫২) ও সিপাহি মো. জসিম উদ্দিন (৩০) আহত হন। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, জুয়েলের লাশ টঙ্গী থানায় আনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।

গত ১ অক্টোবর জুয়েল হাসান ওরফে কামাল তাঁর স্ত্রী শিউলী আক্তারকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শফিকুর রহমানের মালিকানাধীন শিবলী ম্যানশনের নিচতলার ফ্ল্যাটে ওঠেন। কামাল ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তেল ও মবিলের ব্যবসা করতেন। গত ৫ নভেম্বর বিকেল সোয়া পাঁচটার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি শিউলীর দুই হাত বেঁধে ছুরি দিয়ে তাঁর ডান চোখে আঘাত করতে থাকেন। এতে তাঁর ডান চোখ অনেকটা উঠে আসে। পরে তিনি তাঁর বাঁ চোখেও ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় শিউলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কামাল দৌড়ে পালিয়ে যান।

আরও পড়ুন: