র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাহালপুর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর পরিচয় মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬–এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে যায়। ডাকাতি প্রতিরোধে বাগেরহাটের মোল্লাহাট অংশে র‍্যাবের একটি চেকপোস্ট বসানো হয়। গতকাল দিবাগত রাত তিনটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁদের দাঁড়াতে নির্দেশ দেয় র‍্যাব। কিন্তু তারা না দাঁড়িয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। ওই সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একটি মোটরসাইকেলের পেছন থেকে একজন আরোহী রাস্তার ওপর পড়ে যান। তবে অন্যরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যান। গুলিবিদ্ধ ওই আরোহীকে উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।