র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনকে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য বলছে র‍্যাব।

আজ শুক্রবার ভোরে উপজেলার আতাইকুলায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

র‍্যাবের তথ্যমতে, নিহত দুজন হলেন আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও বড়পাইকশা গ্রামের ময়েন উদ্দিন (২৬)।

র‍্যাবের দাবি, নিহত দুজন নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য। তাঁরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) বীনা রানী দাশের ভাষ্য, আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চরমপন্থী দলের কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন বলে খবর পাওয়া যায়। সেখানে অভিযানে যায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে চরমপন্থীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁদের শনাক্ত করেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও কিছু গুলি উদ্ধার করা হয়।