র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ডাকাত বলছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পৌরসভার রামপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাবের ভাষ্য, এই ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি শুটারগান, আটটি গুলি, তিনটি ম্যাগাজিন ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিমের ভাষ্য, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। র্যাবও পাল্টা গুলি করে। এতে দুজন ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় র্যাব।