র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাড্ডায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম এবং ফরিদপুরে পুলিশের গুলিতে হাবিবুর রহমান নামের দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা ও গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুটি ঘটনা ঘটে।
র‍্যাব বলেছে, নিহত জহিরুলের (৩২) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, দুটি গুলি ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
জহিরুলের শাশুড়ি রেহানা বেগম গতকাল সাংবাদিকদের বলেন, জহিরুল পেশায় ট্যাক্সিক্যাবচালক ছিলেন। ২০ অক্টোবর রাতে তাঁকে মুঠোফোনে এক ব্যক্তি জহিরুলকে কারা যেন ধরে নিয়ে গেছে বলে জানান। এরপর গতকাল তাঁরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তাঁর লাশ শনাক্ত করেন।
র‍্যাবের সহকারী পরিচালক মেজর রুম্মান মাহমুদ গতকাল বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‍্যাব-১-এর বিশেষ টহল দল সন্ত্রাসীদের অবস্থান করার গোপন সংবাদ পেয়ে বাড্ডার ১০০ ফুট রাস্তা-সংলগ্ন সান ভ্যালি আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালায়। সেখানে র‍্যাবের টহল দল পৌঁছামাত্র একদল সন্ত্রাসী র‍্যাবের ওপর গুলি চালায়। গুলিতে দুই র‍্যাব সদস্য আহত হন। র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে জহিরুল গুলিবিদ্ধ হন এবং অন্য সন্ত্রাসীরা পালিয়ে যান। আহত জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুই র‍্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।
র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুলের বিরুদ্ধে রাজধানীর রামপুরার মাস্টার সোহেল হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। জহিরুল কয়েকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনি একাধিকবার গুলিবিদ্ধও হয়েছিলেন।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মর্গে গিয়ে জহিরুলের লাশ শনাক্ত করেন তাঁর শাশুড়ি রেহানা বেগম ও বোন নীলুফার। রেহানা সেখানে সাংবাদিকদের বলেন, জহিরুল বাড্ডার আনন্দনগরে মেসে থাকতেন। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। মাত্র তিন মাস আগে জহিরুলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছে।
ফরিদপুরে গতকাল রাতে পুলিশের গুলিতে হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার জোড়া সেতুর নিচে কুমার নদের পাড়ে এ ঘটনা ঘটে। হাবিবুর পূর্ব খাবাসপুর মহল্লার আবদুল খালেক মিয়ার ছেলে।
পুলিশের ভাষ্যমতে, গত রাত ১০টার দিকে অস্ত্রধারী একজন সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই সেতু এলাকায় অভিযান চালায়। সেখানে ওত পেতে থাকা পাঁচ-ছয় সন্ত্রাসী কনস্টেবল সৈকতকে (২৪) ধরে কুপিয়ে জখম করে। এ সময় পুলিশের অপর সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে হাবিবুর গুলিবিদ্ধ হন। হাবিবুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জখম হওয়া পুলিশের সদস্যকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, হাবিবুরের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় নয়টি মামলা রয়েছে। চারটিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।