র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার মাগুড়াটা গ্রামে আজ সোমবার ভোরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। র‍্যাব বলছে, নিহত মোস্তফা ও আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। 

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা গ্রামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হবে—গোপন সূত্রে এমন তথ্য পায় র‍্যাব। এরপর র‍্যাবের একটি দল গতকাল রোববার রাতে ওই বাড়িতে অবস্থান নেয়। আজ ভোর চারটার দিকে একদল ডাকাত ওই বাড়িতে ঢোকে। ডাকাতেরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মোস্তফা কামালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এবং ১০ জনকে আটক করা হয়। মোস্তফাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন: মো. আলতাফ, শহিদ খান, আলামিন খান, পরান খান, ফারুক হোসেন, শাহীন হোসেন, ফাইনাল শেখ, শহিদুল ইসলাম, পিয়ানন্দ চন্দ্র দাস ও স্বপন মিয়া।
র‍্যাব কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, তিনটি কিরিচ, একটি রামদাসহ কিছু দেশীয় অস্ত্র এবং ১০০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকারগুলো অন্য কোনো স্থান থেকে ডাকাতি করা। নিহত মোস্তফা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল, কালিহাতী, নাগরপুর, জামালপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।