র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গত বুধবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আইদুল নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাব বলেছে, আইদুল ওরফে মামা সাগর কারওয়ান বাজারের শীর্ষস্থানীয় সন্ত্রাসী আশিকের সহযোগী।
গতকাল বৃহস্পতিবার র্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব-২-এর একটি টহল দল দেখতে পায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে সংসদ ভবন সচিবালয় স্টাফ কোয়ার্টার সংলগ্ন খেলার মাঠে কয়েক ব্যক্তি বসে আছেন। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ অবস্থায় ধাওয়া করলে তাঁরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। র্যাব সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় পাল্টা গুলি চালান। এ সময় র্যাবের দুজন সদস্য আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলির শব্দ বন্ধ হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে একজন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। শেরেবাংলা নগর থানার পুলিশ ও র্যাবের সহায়তায় আহত ব্যক্তিকে রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল ও তিনটি তাজা গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করেন।
জানতে চাইলে গতকাল র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তেজগাঁও থানায় আইদুলের বিরুদ্ধে মানুষকে কুপিয়ে আহত করার একটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ওই থানায় বহু সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তিনি কারওয়ানা বাজার এলাকায় ভাসমান ছিলেন। তাঁর পরিবার গাজীপুরে থাকে বলে তিনি শুনেছেন। পরিবারের সদস্যরা লাশ নিতে না আসায় তাঁর বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, আইদুল মুঠোফোনে চাঁদা চেয়ে ব্যবসায়ীদের গুলি করে মারার হুমকি দিতেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন।
গতকাল রাত পর্যন্ত আইদুলের লাশ শনাক্ত করতে কেউ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যায়নি।
অবশ্য গত ১৬ মে র্যাব সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সাগর ওরফে মামা সাগরকে গ্রেপ্তারের কাথা জানিয়েছিল। এতে বলা হয়েছিল, ১৫ মে রাত ১১টা ৩৫ মিনিটে র্যাব-২-এর একটি দল কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদ মার্কেটের সামনের চৌরাস্তার ওপর থেকে মো. সাগর ওরফে মামা সাগর (৩৩) ও তাঁর সহযোগী আবদুস সামাদ খলিফাকে (৩০) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সাগরের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার বাহাদুরপুরে।
এ প্রসঙ্গে গতকাল র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ১৫ মে গ্রেপ্তার হওয়া সাগর বর্তমানে কারাগারে আছেন। র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত আইদুল ওরফে মামা সাগর ও কারাগারে থাকা মামা সাগর এক ব্যক্তি নন। কারাগারে থাকা সাগরকে আইদুল সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।