র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', গুলিবিদ্ধ ২

রাজধানীর আজিমপুরে গতকাল মঙ্গলবার দিনদুপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হন, গাড়িটির সামনের কাচে থাকা স্টিকারে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’ লেখা লোগো ছিল। গুলিবিদ্ধ দুজন হলেন মনির হোসেন (৩৭) ও মোশাররফ হোসেন (৪২)। র্যাব তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
র্যাব বলেছে, আহত ব্যক্তিরা ছিনতাইকারী। তবে আহত দুজনের দাবি, তাঁরা ছিনতাইকারী নন।
র্যাবের ভাষ্য, র্যাব-১০ জানতে পারে যে ছয়-সাতজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাস ও দুটি কার নিয়ে আজিমপুরে এতিমখানা মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বেলা আড়াইটার দিকে একটি মাইক্রোবাস ও একটি কার পালিয়ে যায়। এতিমখানা মোড়ের কাছে দক্ষিণ দিকে রাখা অপর কারটি নিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তখন র্যাবের সদস্যরা কারটি লক্ষ্য করে গুলি ছোড়েন। কারের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে কারে থাকা দুই ছিনতাইকারী আহত হন। র্যাব আহত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে জানতে পারে, তাঁদের নাম মনির ও মোশাররফ। পরে তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মনিরের বাঁ ঊরুতে ও শরীরের পশ্চাৎভাগে এবং মোশাররফের ডান ঊরুতে গুলি লেগেছে।
রাতে র্যাব-১০-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোবাস ও কার ধাওয়া করার সময় দুটি মোটরসাইকেলে থাকা কনস্টেবল বিপ্লব ও মেহেদী আহত হন।
ঘটনাস্থলের কাছের এক চা-দোকানি প্রথম আলোকে বলেন, ‘রিকশার টায়ার ফাটার মতো শব্দ পাইয়া চাইয়্যা দেহি র্যাব একটি কারের নিচের দিকে গুলি করতেছে। র্যাব চার-পাঁচটার মতো গুলি করে।’ ওই চায়ের দোকানে বসা এক ছাত্র বলেন, তিনি র্যাবকে গুলি ছুড়তে দেখেছেন।
ঘটনাস্থলে দেখা যায়, সিলভার রঙের কারটি থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে বের করছে র্যাব। এ সময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে র্যাব-১০-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাঁরা চকবাজার ও আজিমপুর এলাকায় ছিনতাই ও ডাকাতি করেন। দুপুরে তিনটি গাড়িতে করে তাঁরা বড় ধরনের ছিনতাই ও ডাকাতি করার জন্য আজিমপুরে অবস্থান নিয়েছিলেন। র্যাবের গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইয়ের নেতৃত্বে থাকা দলটি একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। তবে পেছনে থাকা দলটি র্যাবের অভিযানের মুখে পড়ে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। র্যাব ছিনতাইয়ে ব্যবহৃত কারটিতে (ঢাকা মেট্রো গ ১৯-৫০৫৭) তল্লাশি চালিয়ে ইতালি ও যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, দুটি গুলি ও চালকের লাইসেন্স উদ্ধার করে। গাড়িটি আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিলেন।
গ্রেপ্তার হওয়া মনির হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কারটির চালক। আবদুল জলিল নামের এক ব্যক্তি সারা দিনের জন্য কারটি তিন হাজার টাকায় ভাড়া নেন। ঘোরাঘুরির একপর্যায়ে ওই ব্যক্তি এতিমখানার কাছে গাড়িটি থামাতে বলেন। তিনি সপরিবার খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় থাকেন।
আহত অপরজন মোশাররফ হোসেন দাবি করেন, তিনি ক্যান্টনমেন্ট বাজারের মাছ ব্যবসায়ী। কিছুদিন আগে জলিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একটি মামলার বাদী হিসেবে তিনি আদালতে গিয়েছিলেন। জলিল বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ডাকায় আজিমপুরে যান। বেড়ানোর জায়গা সম্পর্কে জলিল তাঁকে কিছু বলেননি।
এর আগে ১৩ জুলাই সন্ধ্যায় আজিমপুর চৌরাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকেশ্বরী মন্দিরের কাছে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও আবদুল বারেক (৪৫) নামের আরেকজন আহত হন। র্যাব বলেছে, হতাহত ওই দুই ব্যক্তি ছিনতাইকারী।