র‍্যাবের হাতে আটক, পরে হাসপাতাল থেকে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সাংসদ শফিকুল ইসলামের সভাস্থল থেকে যুবলীগ কর্মী সাব্বির হোসেনকে (২৬) আটক করেছিলেন র‍্যাবের সদস্যরা। তাঁদের পিটুনিতে আহত হলে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি। সাব্বির একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
আটকের পর পিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি, পরে সেখান থেকে একজন দাগি আসামির নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার এ ঘটনা ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ অবস্থায় সাব্বিরকে আটকের কথা অস্বীকার করছে র‍্যাব।
শহরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার রাত আটটায় নাটোর কণ্ঠ পত্রিকার অফিসে একটি সভা চলছিল। সভায় সাংসদ শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মশিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। সভা চলাকালে অফিসের সিঁড়ি ও নিচে অবস্থান করছিলেন সাংসদের গাড়িবহরে থাকা দলীয় কর্মীরা। সোয়া আটটায় পোশাক পরা আটজন র‍্যাব সদস্য এসে দাঁড়িয়ে থাকা কর্মীদের মধ্য থেকে সাব্বির নামে যুবলীগের ওই কর্মীকে আটক করে হাতকড়া পরান। শুরু করেন বেদম মারধর। একপর্যায়ে সাব্বির বাঁচান বাঁচান বলে দৌড়ে সভাস্থলে গিয়ে আশ্রয় নেন। সদস্যরা সেখান থেকে আবার তাঁকে আটক করে সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করেন।
এ সময় সাংসদ র‍্যাব কর্মকর্তাকে আহ্বান করেন। কিছুক্ষণের মধ্যে র‍্যাব বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আতিকুল ইসলাম সাদাপোশাকে হাজির হন। সাংসদ তাঁকে না বলে সভাস্থল থেকে এভাবে কর্মীকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, এতে তাঁর ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তখন র‍্যাব সদস্যরা সাব্বিরের হাত থেকে হাতকড়া খুলে নেন। ঘটনার পর সভাস্থলের আশপাশে থাকা কর্মীরা আহত সাব্বিরকে সদর হাসপাতালে পাঠান। তাঁকে সার্জারি বিভাগের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ভর্তির পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না বলে হাসপাতাল সূত্র জানায়।

একজন দাগি আসামিকে আটকের পর পিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি, পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

ওয়ার্ডের সেবিকা ডানিয়েল হেমব্রম গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, শারীরিক জখম নিয়ে সাব্বির হাসপাতালে ভর্তি হলেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কর্তৃপক্ষকে না জানিয়ে পালিয়েছেন। রেজিস্ট্রারে তাঁকে পলাতক দেখানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বিরকে আটক ও মারধরের ঘটনার কিছুক্ষণ আগেই সভাস্থলের অদূরে জেমস নামে যুবলীগের আরেক কর্মীকে আটক করেন র‍্যাবের সদস্যরা। পুলিশ জানায়, জেমসও একাধিক মামলার আসামি।
জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, ‘সাংসদকে নিয়ে আমরা তিনতলায় সভাস্থলে ছিলাম। শুনেছি, এক যুবককে র‍্যাব সদস্যরা আটক করেছিলেন। পরে তিনি পালিয়েছেন। তবে তাঁর পরিচয় জানি না।’
সাব্বিরের পরিচয়ের ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান বলেন, ‘সে যুবলীগের কোনো পদে নেই। সে একজন ক্যাডার। সে আমার ছেলের মাথায় পিস্তল ঠেকিয়েছিল। তাকে সাংসদের গাড়িবহরে ঘুরতে দেখা যায়।’
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সাব্বিরকে মারপিট করার কথা শুনেছি। তবে কারা, কেন মেরেছে তা বলতে পারব না। সাব্বিরের বিরুদ্ধে সদর থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’ পুলিশ সাব্বিরকে গ্রেপ্তারের জন্য র‍্যাবকে অনুরোধ করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলিনি। তবে তাঁরা মাঝেমধ্যে দাগি আসামিদের তালিকা নিয়ে থাকেন।’
র‍্যাবের অস্বীকার: হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর দাগি আসামি সাব্বিরকে আটকের কথা এখন অস্বীকার করছে র‍্যাব। র‍্যাব বাগমারা ক্যাম্পের কমান্ডার আতিকুল ইসলাম দাবি করেন, মঙ্গলবার রাতে তাঁরা কানাইখালি এলাকা থেকে একাধিক মামলার আসামি জেমসকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁরা সাব্বির নামের কাউকে চিনতেন না। তাই সাংসদের সভাস্থল থেকে তাঁকে ধরতে সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।
স্থানীয় লোকজন র‍্যাবের পোশাক পরা সদস্যদের সাব্বিরকে মারপিট করতে দেখেছেন—বিষয়টি জানালে কমান্ডার আতিকুল বলেন, ‘র‍্যাব কাউকে মারেনি। হয়তো আশপাশে দাঁড়িয়ে থাকতে পারে। লোকজন অনুমান করে বলেছে। গুজব শুনে আমি সেখানে গিয়েছিলাম এবং সাংসদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছি।