দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত শুক্রবার রাতে তাঁদের রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যা ব-১২-এর একটি দল। এ সময় ওই চক্রের হাতে অপহৃত এক শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নোয়াখালী জেলার সুধারাম থানার আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানায় র্যা ব। অন্য তিনজন হলেন একই উপজেলার ইসমাইল হোসেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আক্তারুজ্জামান ও জাকারিয়া সরকার।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনের র্যা ব জানায়, টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এই চক্র। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, সনদ ও প্রবেশপত্রের মূল কপি নেওয়া হয়। এরপর ফরম পূরণের আইডেনটিফিকেশন নম্বর সংগ্রহ করে প্রবেশপত্র ডাউনলোড করে ফটোশপের মাধ্যমে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে একজন মেধাবী ছাত্র দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় ওই চক্র। বিনিময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে ভর্তি করিয়েছে এই চক্র।