র‍্যাবের হেফাজতে আসামি নির্যাতন, চিকিৎসা দিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে নির্যাতনের সব চিহ্নই স্পষ্ট হান্নান চৌধুরীর সারা দেহে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল যখন তাঁকে তোলা হয়, তিনি হাঁটতে পারছিলেন না l ছবি: প্রথম আলো
হেফাজতে নির্যাতনের সব চিহ্নই স্পষ্ট হান্নান চৌধুরীর সারা দেহে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল যখন তাঁকে তোলা হয়, তিনি হাঁটতে পারছিলেন না l ছবি: প্রথম আলো

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেফাজতে এক আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। জখম, নির্যাতনের চিহ্নসহ পুলিশ হান্নান চৌধুরী নামে ওই আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত আগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে টেলিফোনে বলেন, আসামি হান্নান চৌধুরী প্রভাবশালী অপরাধী। তাঁর সহযোগীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিকে র‍্যাব হেফাজতে নির্যাতন করা হয়নি। তবে তাঁর কার্যালয়ে এসে যদি কেউ লিখিত অভিযোগ করেন, তাহলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
আদালতের বারান্দায় দাঁড়িয়ে হান্নানের বোন কোহিনূর প্রথম আলোকে বলেন, শান্তিনগর এলাকায় বসবাসকারী তাঁর ভাই মৌসুমি ফলের ব্যবসা করেন। চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মোবাইল ফোনও বন্ধ ছিল। তাঁকে আটক করার কথা র‍্যাব জানায়নি।
গতকাল হান্নানকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলার সময় দেখা যায়, তাঁর দুই পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম। পা ও পিঠে কালো দাগ। হাঁটতে না পারার কারণে ঢাকার হাজতখানার পুলিশ তাঁকে ধরে হাজতখানা থেকে আদালতে তোলে।
হান্নানের আইনজীবী মুহাম্মদ ইলিয়াস মৃধা ও শোয়েব মিয়া আদালতে বলেন, হান্নানকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি হাঁটতে পারছে না। তাঁর চিকিৎসা জরুরি। পরে আদালত হান্নানকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। আদালতের বারান্দায় আসামি হান্নান চৌধুরী প্রথম আলোকে বলেন, র‍্যাব-৩-এর লোকেরা তাঁকে নির্যাতন করেছে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি আবাসিক হোটেলে। এরপর তাঁর চোখ ও হাত বাঁধা হয়। পরে তাঁকে নির্যাতন করা হয়।
মতিঝিল থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুন দিবাগত রাত সাড়ে তিনটায় ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে হান্নান চৌধুরীসহ পাঁচ আসামি ফকিরাপুল এলাকায় হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের কয়েকজন অতিথিকে মারধর করে টাকাপয়সাসহ মালামাল লুট করে নিয়ে যায়। আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হান্নানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাব-৩-এর একটি দল তাঁকে হেফাজতে নেয়।
তবে হান্নান চৌধুরীর অভিযোগ, তাঁকে আটক করা হয়েছে পল্টন মডেল থানার সামনে থেকে। তিনি হাতেনাতে গ্রেপ্তার হননি। আসামি হান্নানের কথার সত্যতা মেলে হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের মালিক এম এ ওয়াদুদ চৌধুরীর ভাষ্যে। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের পরিচয় দিয়ে আসামিরা তাঁর হোটেলের পাঁচতলার ৫১২ নম্বর কক্ষে থাকা লোকজনের টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। কেউ সেদিন আটক হননি। তাঁর হোটেলের নিরাপত্তারক্ষীরা একজনকে চিনতে পারেন। পরদিন রাত ১০টার দিকে পল্টন থানার উল্টো দিকের কমিউনিটি সেন্টারের সামনে থেকে হান্নানকে আটক করে হোটেলের কর্মচারীরা। তাঁকে হোটেলে আনার পর কোন সংস্থার কাছে সোপর্দ করা হয়—এ প্রশ্নের উত্তর দেননি এম এ ওয়াদুদ।
তবে হোটেল এশিয়ার ব্যবস্থাপক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, হান্নানকে আটক করে হোটেলে আনার পর র‍্যাবর লোকজন তাঁকে একটি কক্ষে নিয়ে মারধর করে।