লংগদুতে বাজারে গুলিতে আহত ১
রাঙামাটির লংগদু উপজেলায় গতকাল শুক্রবার দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ সময় দুলাল চাকমা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লংগদু সদর ইউনিয়নের দজরপাড়া বাজারে গতকাল দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (এমএন-লারমা) সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়। সংঘর্ষের সময় ১০-১২টি গুলির শব্দ শোনা গেছে।
তবে গুলিবিনিময়ের বিষয়টি অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (এমএন-লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা। তিনি অভিযোগ করেছেন, সন্তু লারমা পক্ষের লোকজন সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। এতে দুলাল চাকমা আহত হয়েছেন।
অন্যদিকে, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ রকম কোনো ঘটনার কথা তাঁর জানা নেই।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান মিরন চাকমা অভিযোগ করেছেন, সন্তু লারমা পক্ষের লোকজন এমএন-লারমা পক্ষের লোকদের ওপর হামলা চালাতে বাজারে যায়। তাদের না পেয়ে তারা বাজারে গুলি করেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গুলিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।