রাঙামাটির লংগদুতে গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণাকালে দুর্বৃত্তদের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে যুবদলের কর্মী মো. হানিফ (৩০) ও মো. বাদলকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাঙামাটি জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের ভর্তি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।
আহত অন্য ব্যক্তিদের মধ্যে মান্নান গাজী, লিটু হাওলাদার ও রফিকুল ইসলামের নাম জানা গেছে।
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদারসহ প্রায় ৩০-৩৫ জন দলীয় নেতা-কর্মী আটরকছড়া ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউনুসের পক্ষে প্রচারণা চালাতে বটতলা এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের বাধা দেন। ওই সময় বিএনপির প্রার্থীর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, একপর্যায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুর রহিমের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি বিএনপির কর্মীদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের নিবৃত্ত করতে গেলে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি মো. তোফাজ্জল হোসেনকেও মারধর করা হয়। তিনি পায়ে ও পিঠে আঘাত পান।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুর রহিম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি অন্য স্থানে প্রচারণায় ব্যস্ত ছিলাম।’ তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষ মুখোমুখি হলে হয়তো সামান্য বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণাকালে সামান্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে চার-পাঁচজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি এখন শান্ত।