লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
সুপার জ্যোতি চাকমা গত উপজেলা পরিষদের নির্বাচনে ইউপিডিএফ-সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়লাভ করেন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইকবাল বলেন, সুপার জ্যোতি চাকমা তাঁর সরকারি বাসভবনে অবৈধ অস্ত্র রেখেছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে যৌথ বাহিনীর একটি দল সেখানে যায়। এ সময় তিনি প্রথমে ঘরের দরজা খোলেননি। প্রায় এক ঘণ্টা পর দরজা খোলার পর যৌথ বাহিনী তাঁকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের পর সুপার জ্যোতি চাকমা ঘরে লুকানো একটি ম্যাগাজিন, পাঁচটি গুলিসহ যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল বের করে আনেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে গতকাল বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ‘খাগড়াছড়ি জেলার সদর উপজেলার জুম্ম প্রতিনিধি ও জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তপন ত্রিপুরা।
এদিকে সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি উচিংশৈ চাক।