লক্ষ্মীনারায়ণ কটন মিলের কলোনির চার ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের কলোনির আন্দোলনরত শেয়ারহোল্ডারদের বসতঘরে অগ্নিসংযোগ করে ঘুমন্ত অবস্থায় তাঁদের হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আগুনে মিলের ভেতরে থাকা চার শেয়ারহোল্ডারের বসতঘর পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে।
আন্দোলনরত শেয়ারহোল্ডারদের দাবি, মিলটি দখলের চেষ্টাকারী নিট কনর্সান শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার ছোট ভাই মনির হোসেন ওরফে মনা ও তাঁর বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত। তবে মনির হোসেন বলেছেন, শেয়ারহোল্ডাররা নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগিয়েছেন।
নিট কনর্সান শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদনীন মোল্লা জানান, ‘আমরা আগুন লাগাইনি। আমরা আগুন লাগালে তো টিন আর ঘরের পায়া পুড়ত না, মানুষ মরে যেত। ওরা নিজেরাই আগুন লাগিয়েছে।’
আগুনে পুড়ে গেছে শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং শেয়ারহোল্ডার আবদুর রশিদ, নিরঞ্জন দাস ও সুশীল বাড়ৈয়ের ঘর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই চারটি ঘরে ঘুমিয়ে থাকা লোকজন।
শেয়ারহোল্ডাররা জানান, রাতে হামলার আশঙ্কায় আন্দোলনরতরা পালা করে মিলের ভেতরে পাহাড়া দেন। সোমবার গভীর রাতে মোহাম্মদ হোসেনের বসতঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে শেয়ারহোল্ডার জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন যুবক সেখানে গিয়ে দেখেন, ভেতরে আগুন জ্বলছে। পরে তাঁরা শেয়ারহোল্ডারদের পরিবারের সদস্যদের বের করে আনেন। এ সময় তাঁরা সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনার ১০ মিনিটের মাথায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে মিলের মূল ফটক খুলতে প্রায় আধা ঘণ্টা বিলম্ব করেন জয়নালের নিয়োজিত নৈশপ্রহরীরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভান। ততক্ষণে আগুনে পুড়ে যায় চার শেয়ারহোল্ডারের ঘরের মালামাল।
শেয়ারহোল্ডাররা আরও জানান, শেয়ারহোল্ডারদের বিতাড়ন ও মিলটি দখলে নিতে বেপরোয়া হয়েই এ ঘটনা ঘটানো হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাতের আঁধারে মিলটির স্থাপনা ভেঙে যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যাচ্ছেন দখলদারেরা। ৭০০ কোটি টাকা মূল্যের মিলটি মাত্র ৩৫ কোটি টাকায় হাতিয়ে নিতে চাচ্ছেন জয়নাল আবেদীন মোল্লা। এক বছরের বেশি সময় ধরে শেয়ারহোল্ডারদের বসতবাড়িতে গ্যাস ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোমতাজ হোসেন জানান, কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন লাগিয়েছে কি না তা তদন্ত করে জানা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে কি না তা অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।