লক্ষ্মীপুরে নিহত ব্যক্তি আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি
লক্ষ্মীপুর ও সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধে’ আবু জাহের ওরফে দামা কালু (৩৫) নামের একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, আবু জাহের লক্ষ্মীপুরের চিহ্নিত ডাকাত ও আওয়ামী লীগের এক নেতা হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন।
এদিকে একই দিন ভোরে সুন্দরবনে শরণখোলা রেঞ্জ এলাকায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আক্কাস ওরফে রহিম (২৫) নামের একজন নিহত হয়েছেন। র্যা বের দাবি, আক্কাস সুন্দরবনের বনদস্যু সাগর-সৈকত বাহিনীর প্রধান ছিলেন।
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, বুধবার ভোর চারটার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাঁদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে তালিকাভুক্ত ডাকাত ও হত্যা মামলার আসামি আবু জাহের নিহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, চারটি গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র¨উদ্ধার করা হয়। ঘটনার সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান জানান, আবু জাহেরের বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও সদর থানায় আওয়ামী লীগের নেতা ওমর ফারুক হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
সুন্দরবনের ঘটনা সম্পর্কে র্যা ব-৮-এর উপ-অধিনায়ক আদনান কবির সাংবাদিকদের বলেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যা বের একটি দল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বড় আমগাছিয়ার খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। ওই সময় সেখানে আগ থেকে অবস্থান নেওয়া বনদস্যুদের একটি দল র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী চলা গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে র্যা বের সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে দেখেন, বনের মধ্যে বনদস্যুদের একজনের লাশ পড়ে আছে। স্থানীয় জেলেরা লাশটি বনদস্যু সাগর-সৈকত বাহিনীর প্রধান আক্কাসের বলে শনাক্ত করেন। র্যা ব ঘটনাস্থল থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৯৮টি গুলিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যা ব কর্মকর্তাদের ভাষ্য, নিহত আক্কাসের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে। তাঁর নেতৃত্বে গত তিন বছর ধরে সাগর-সৈকত বাহিনী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, নিরীহ জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি, মাছ ধরার ট্রলারে লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।