লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীকে মারধরের মামলায় লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার বাঞ্ছানগর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে বাঞ্ছানগর গ্রামে বিদ্যুৎ লাইনের ওপর থাকা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পিডিবির লাইনম্যান শামছুল হুদাকে মারধর করে পৌর কাউন্সিলর ও তাঁর লোকজন। এ ঘটনায় ওই দিন রাতেই পিডিবি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বাদী হয়ে পৌর কাউন্সিলর মো. জিয়াউর রহমানসহ ছয়জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, লাইন সংস্কার ও মেরামত করতে গিয়ে লাইনম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। মামলার সব আসামিকে গ্রেপ্তার করার জন্য জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মচারীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলরকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।