লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুর
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছে কিছু শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় অধ্যক্ষ তাঁর কক্ষে ছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী পরীক্ষায় পাস না করায় কিছু শিক্ষার্থীকে এইচএসসির ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। হামলার পেছনে এ বিষয়টি কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কলেজ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হঠাৎ বেশ কয়েকজন যুবক অধ্যক্ষের কক্ষের জানালা ও দরজার কাচ ভাঙচুর শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা চলে যায়। ছাত্রলীগের কয়েকজন নেতার উসকানিতে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।
হামলার বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসানজানি দাবি করেন, ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত নন। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা নিয়ে চার দিন ধরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে হামলা চালায়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার (আজ) দুপুরে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।